চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জুয়া খেলতে বাধা দেওয়ায় ছেলের হাতে খুন হয়েছেন মা।
বুধবার মধ্যরাতে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাফেজা বেগমের (৪০) স্বামী প্রয়াত সিরাজুল ইসলাম।
শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোশাররফ হোসেন জানান, ছেলে মোহাম্মদ তোতাকে (২০) তার মা হাফেজা জুয়া খেলতে বাধা দেয়। এ নিয়ে মা ও ছেলের মধ্যে রাতে ঝগড়া শুরু হলে এক পর্যায়ে তোতা ক্ষিপ্ত হয়ে মাকে ছুরিকাঘাত করে।
এতে ঘটনাস্থলেই হাফেজা বেগম মারা যান। ঘটনার পরপরই তোতা পালিয়ে যায়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২৩৭ ঘ.
bdnews24