২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষনের দায়ে সিরাজগঞ্জে যুবকের যাবজ্জীবন

ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচণার অভিযোগে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 12:45 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

সিরাজগঞ্জ, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচণার অভিযোগে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে তাকে আড়াই হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন মামলার তিন আসামি। বুধবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আকবর হোসেন মৃধা এ রায় দেন। দণ্ডিত ফজর আলী (২২) সিরাজগঞ্জ শহরের শাহেদনগর বেপারীপাড়া মহল্লার সিদ্দিক বেপারীর ছেলে। মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ১০ অক্টোবর রাতে ফজর আলী পাশ্ববর্তী আব্দুল করিমের মেয়ে কুলসুম খাতুনকে বিয়ের প্রলোভনে বাড়ির পিছনে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে ১৪ অক্টোবর পর্যন্ত গ্রামে দফায় দফায় সালিশ বসে। মীমাংসা না হওয়ায় ১৫ অক্টোবর দুপুরে কুলসুম নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় আব্দুল করিম বাদী হয়ে পাঁচ জনের নামে মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা চার জনের নামে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার বিচারক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী পিপি শেখ আব্দুল হালিম লাভলু এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুল মজিদ আনছার মামলাটি পরিচালনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮৪৫ ঘ.