জাকার্তা, এপ্রিল ১১ (রয়টার্স/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৮ দশমিক ৭ মাত্রার প্রবল ভূমিকম্পের পর ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর- ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ৩টা ৩৮ মিনিটে সুমাত্রার এ ভূমিকম্পনের কেন্দ্র ছিল বান্দা আচেহ থেকে ৪৩৪ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে।
এর পরপরই প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে ভারত মহাসাগর সংলগ্ন ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, যুক্তরাজ্য, মালয়শিয়া, বাংলাদেশ মরিশাস, মৌরতানিয়া, পাকিস্তান, সোমালিয়া, ওমান, মাদাগাস্কার, ইরান, আরব আমিরাত, ইয়েমেন, তানঞ্জানিয়া, মোজাম্বিক, কেনিয়া, সাউথ আফ্রিকা, সিঙ্গাপুরসহ আরো কয়েকটি দেশের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, আচেহ প্রদেশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং বিপদ সংকেতের মুখে মানুষজন উঁচু স্থানে আশ্রয় নিচ্ছে।
সংস্থার মুখপাত্র সুতোপো বলেন, “বিদ্যুৎ নেই। অপেক্ষাকৃত উঁচু স্থানে যাওয়ার জন্য যানজট লেগে গেছে। এ ছাড়া মসজিদ থেকে কুরআন পাঠ করা হচ্ছে ও সাইরেন বাজানো হচ্ছে।”
সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
শ্রীলংকা ও থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটেও ভূমিকম্প হয়েছে। ২০০৪ সালের সুনামিতে দেশদুটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
থাইল্যান্ডের আবহাওয়া বিভাগের উপপ্রধান সোমচাই বাইমুঙ জানান, থাইল্যান্ডের ফুকেট, ফাঙ না এবং আন্দামান দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আন্দামান সাগর উপকূলের প্রাদেশিক কর্মকর্তা ও উপকূল রক্ষীদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
২০০৪ সালে ইন্দোনেশিয়ার এ অঞ্চলটিতে ভয়াবহ সুনামিতে প্রায় ১ লাখ ৭০ হাজার লোক প্রাণ হারায়। পুরো ভারত মহাসাগরীয় অঞ্চলের ১৩ টি দেশে মোট আড়াই লাখ মানুষ এ সুনামিতে মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/জেকে/এসইউ/১৫৫১ ঘ.
bdnews24