নওগাঁ, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর পোরশা উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে নাতির ছুরিকাঘাতে দাদার মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার নিতপুর বাজারে মো. দুলাল (২৪) তার দাদা আকবর আলীকে (৬০) ছুরিকাঘাতে করেন। পরে আকবরকে পোরশা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুলালকে আটক করেছে পুলিশ। দুলালের বাবার নাম শেখ মজির উদ্দীন। বাড়ি নিতপুর জেলে পাড়া গ্রামে।
পোরশা থানার ওসি এবিএম রেজাউল করিম জানান, নিতপুর বাজার থেকে আকবর আলী বাড়ি ফেরার পথে দুলাল পেছনদিক থেকে দৌড়ে এসে দাদাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিতপুর বাজারের পাশে বাঙ্গালপাড়া এলাকা থেকে দুলালকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২৪৬ ঘ.
bdnews24