গাইবান্ধা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভটভটি, নসিমন, করিমন ও ম্যাজিক চলাচল বন্ধের দাবিতে গাইবান্ধা জেলার সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে জেলা মোটর মালিক সমিতি ও মোটর-ট্রাক শ্রমিক ইউনিয়ন।
এর ফলে গাইবান্ধা থেকে রংপুর, বগুড়া, সুন্দরগঞ্জ, বেলকা, পাঁচপীর, শাহাঘাটা, ফুলছুড়ি রুটে বুধবার সকাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন যাত্রীরা।
মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম স্বপন বলেন, গাইবান্ধা থেকে এসব রুটে অবৈধ যানবাহনগুলো চলাচল বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসনকে গত রোববার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু এ বিষয়ে তারা কোন পদক্ষেপ না নেয়নি।
গাইবান্ধা জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলা প্রশাসক ঢাকায় অবস্থান করছেন। এ কারণে পরিবহন সংগঠন দুটির সঙ্গে মঙ্গলবার বৈঠক করার কথা ছিল। কিন্তু তার আগেই তারা ধর্মঘট ডাকলেন।”
গাইবান্ধা বাস টার্মিনালে বগুড়া যাওয়ার জন্য অপেক্ষারত যাত্রী নুরুন্নবী আকন্দ বলেন, “কথায় কথায় যখন-তখন যাত্রীদের জিম্মি করে পরিবহন কর্তৃপক্ষের এ ধরনের ধর্মঘট জনগণের জন্য ভোগান্তি ডেকে আনে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১৩১ ঘ.
bdnews24