ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিন মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পর কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “নিম্নমানের ওষুধ তৈরির বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রোগী মারা ওষুধ বানাতে দেওয়া হবে না।
“কমিটি কয়েকমাস আগেই তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছে। এখনও কেন সেটা করা হচ্ছে না তা কমিটিকে জানাতে বলা হয়েছে।”
তিনি বলেন, “সংসদীয় কমিটি এমন প্রতিষ্ঠানেরও সন্ধান পেয়েছে যেখানে কুকুর বাচ্চা প্রসব করেছে। বালতিতে করে পানি রাখা হয়। ফার্মাসিস্টরা অ্যাপ্রোন পরে না।
“এমনকি যেখানে ওষুধ তৈরি করা হয় সেখানেই রাতে ঘুমানো হয়।”
কমিটির সদস্য নাজমুল হাসানকে প্রধান করে ২০০৯ সালের ২৯ জুলাই এক সদস্য বিশিষ্ট সংসদীয় উপ-কমিটি গঠন করা হয়।
গত বছরের ৩ জুলাই প্রায় এক বছর পর সংসদীয় কমিটির ১৬তম বৈঠকে প্রতিবেদন পেশ করে উপ-কমিটি। ওই উপকমিটি ৬২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।
সংসদীয় কমিটির তদন্তের পরে ওষুধ প্রশাসন অধিদপ্তরও ওই সব প্রতিষ্ঠান পরিদর্শন করে। গত ২২ মার্চ কমিটির বৈঠকে ওষুধ প্রশাসন অধিদপ্তর একটি প্রতিবেদন জমা দেয়।
সেলিম জানান, ওষুধ প্রশাসন অধিদপ্তর নয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
তবে এসব ফার্মাসিউটিক্যালস কোম্পানির নাম প্রকাশে রাজি না হলেও ব্যবস্থা নেওয়ার পরে জানানো হবে উল্লেখ করেন তিনি।
ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ধরনের শাস্তির সুপারিশ হয়েছে জানতে চাইলে সেলিম বলেন, “কোম্পানির লাইসেন্স বাতিলের বিধান রয়েছে। তবে এ ব্যাপারে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা প্রয়োজন।”
বাংলাদেশে নিবন্ধিত ১৫১টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিয়ে এ তদন্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২৪৬ ঘ.
bdnews24