গাজীপুর, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার এসকিউ গ্র“পের একটি সোয়েটার কারখানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৩০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই সঙ্গে কারখানাটিও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শ্রীপুর থানার ওসি আখতারুজ্জামান জানান, মঙ্গলবার ভোররাত ৩টার দিকে কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক সাহেদুজ্জামান রবিন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় কারখানার নিটিং শাখার ২৫ শ্রমিকের নাম উল্লেখ করে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে কারখানার দরজা, জানালা ও মূল্যবান যন্ত্রাংশ ভাঙচুরসহ ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং ২০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ করা হয়েছে।
এসকিউ গ্র“পের সিনিয়র জিএম ইয়াকুব আলী জানান, সাধারণ শ্রমিকদের কাজে যোগদানের অনুরোধ করার পরও কিছু শ্রমিক কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করে।
সোমবার এ নিয়ে বিজিএমইএ, উপজেলা প্রশাসন, শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার সময় শ্রমিকরা বৈঠককারীদের অবরুদ্ধ করে রাখে। এ সময় তারা কারখানায় ভাঙচুর চালায়।
কাজের অনুকুল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও জানান জিএম ইয়াকুব আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৫৮ ঘ.
bdnews24