২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকঋণ নিয়ে সতর্ক করলেন অর্থনীতিবিদরা

অর্থমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের অতিরিক্ত ঋণ নেওয়াকে ‘আত্মহত্যার শামিল’ বলে মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 02:54 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রীর সঙ্গে প্রাকবাজেট আলোচনায় ব্যাংকঋণ নিয়ে সরকারকে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, অতিরিক্ত ঋণগ্রহণ মূল্যস্ফীতি বাড়ানোসহ বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে। আগামী অর্থবছরের বাজেট তৈরির আগে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে মঙ্গলবার অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময় করেন আবুল মাল আবদুল মুহিত। সভায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের অতিরিক্ত ঋণ নেওয়াকে ‘আত্মহত্যার শামিল’ বলে মন্তব্য করেন। “ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ বেড়ে গেছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকেও সরকার মোটা অঙ্কের ঋণ নিয়েছে। এটা মূল্যস্ফীতি বৃদ্ধিসহ নানা সমস্যা সৃষ্টি করে,” বলেন তিনি। ব্যাংক থেকে সরকারের অতিরিক্ত ঋণ নিয়ে বিরোধী দলের পাশাপাশি ব্যবসায়ী মহলও সমালোচনা করে আসছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে অর্থ্যাৎ ১ এপ্রিল পর্যন্ত সরকারের ব্যাংঋণের পরিমাণ ১৬ হাজার ৩১৮ কোটি ৪১ লাখ টাকা। এর মধ্যে ৫ হাজার ৬৮৮ কোটি ১৪ লাখ টাকা নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। তফসিলি অন্য ব্যাংকগুলো থেকে নেওয়া হয়েছে ১০ হাজার ৬৩০ কোটি ২৭ লাখ টাকা। ২০১০-১২ অর্থবছরের প্রথম নয় মাসে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ ছিল ৬ হাজার ৬১৬ কোটি ৪৬ লাখ টাকা। রপ্তানি আয় বাড়াতে পণ্যের বহুমুখীকরণের ওপর জোর দিয়ে ফরাসউদ্দিন বলেন, “আমাদের রপ্তানি পণ্য হাতেগোণা। রপ্তানি আয় বাড়াতে অপ্রচলিত পণ্য যেমন- সিরামিক সামগ্রী, ওষুধ, জুতা, হালকা প্রকৌশল সামগ্রীসহ- এ ধরনের পণ্য রপ্তানি বাড়ানোর দিকে বিশেষ নজর দিতে হবে।” সঞ্চয়পত্রে সুদের হার বাড়ানোয় সন্তোষ প্রকাশ করলেও মুনাফার ওপর ৫ শতাংশ হারে উৎসে কর কাটার সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। তিনি বলেন, পৃথিবীর কোথাও এই ধরনের কর কাটা হয় না। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান ভর্তুকির বিষয়ে আরো পরিকল্পিত হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঠিক পরিকল্পনার অভাবেই জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতে ভর্তুকি বাজেট ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সিপিডির নির্বাহী পরিচালক বলেন, “বাজেটে সরকার বিভিন্ন খাতে ভর্তুকির একটি লক্ষ্যমাত্রা ধরে থাকে। কিন্তু অর্থবছরের কয়েক মাস যেতে না যেতেই দেখা যায়, ভর্তুকির পরিমাণ অনেক বেড়ে গেছে। বাধ্য হয়ে সরকারকে বাজেট সংশোধন করতে হয়।” “সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা দক্ষ নয় বলেই এমনটা হচ্ছে,” যোগ করেন তিনি। সিডিপির সাবেক নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য রাজস্ব আদায় বাড়াতে মনোযোগী হতে সরকারকে পরামর্শ দেন। তিনি বলেন, “রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি কম, অভ্যন্তরীণ সঞ্চয়ের পরিমাণও কমছে, বেসরকারি খাতে ঋণ প্রবাহও কম, বিনিয়োগ বাড়ছে না। প্রত্যাশা ও সম্পদের মধ্যে ব্যাপক ফারাক। সরকারের দেড় বছর সময় আছে। রাজনৈতিক অনেক প্রতিশ্রুতি আছে। সেগুলো পূরণ করতে গেলে মধ্যমেয়াদি স্থিতিশীলতা রক্ষা বড় চ্যালেঞ্জ।” এর জবাবে অর্থমন্ত্রী বলেন, “এ কথা ঠিক যে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি কিছুটা কম। তবে এটা বলতে পারি, আগামী বছরে এমন কিছু পদক্ষেপ নেওয়া হবে যাতে রাজস্ব আদায়ের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে।” সাবেক অর্থসচিব সিদ্দিকুর রহমান চৌধুরী কালো টাকার বিষয়ে কঠোর হওয়ার আহ্বান জানান। অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেবেন কী, দেবেন না- তা আপনার ব্যাপার। তবে এতদিন সুযোগ দেওয়ার পরও যারা কালো টাকা সাদা করেনি, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া উচিৎ বলে আমি মনে করি।” মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, জামিলুর রেজা চৌধুরী, সোনালী ব্যাংকের চেয়ারম্যান বাহাউদ্দিন, মামুন রশীদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২০৪৫ ঘ.