ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এক সহকারীর গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনাটি বর্তমান সরকারের ‘দুর্নীতির’ নজির বলে দাবি করেছে বিএনপি।
মঙ্গলবার এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশে সর্বত্র এমন দুর্নীতি চলছে যে মন্ত্রীর এপিএসকে বহনকারী গাড়িতে বস্তায় বস্তায় দুর্নীতির টাকা পাওয়া যাচ্ছে। এত টাকা কোথা থেকে আসে?”
“সরকার শুধু অন্যের দুর্নীতির কথা বলে, এখন নিজের মন্ত্রীর এপিএসের গাড়িতে বস্তায় বস্তায় টাকা পাওয়া যাচ্ছে। এতে সরকার কী জবাব দেবে,” সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তার।
রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিবের গাড়ি থেকে সোমবার রাতে ৭০ লাখ টাকা উদ্ধারের ঘটনা নিয়ে সকাল থেকে গুঞ্জন চলতে থাকে। ওই গাড়িতে রেলওয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তাও ছিলেন।
ওই টাকার উৎস সম্পর্কে কিছু না জানার দাবি করেছেন সুরঞ্জিত। তবে এই ঘটনা তদন্তে মন্ত্রণালয় দুটি কমিটি গঠন করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
নতুন ব্যাংকগুলোর মূলধনের উৎসও অবৈধ অর্থ বলে দাবি করেন ফখরুল। তিনি বলেন, “তিন বছরের দুর্নীতি ও লুণ্ঠনের টাকা দিয়ে সরকার নতুন নয়টি ব্যাংক প্রতিষ্ঠা করেছে।”
মন্ত্রীদের সম্পদের হিসাব দাবি করে বিএনপি নেতা সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেন।
বিদ্যুতে দুর্নীতি হচ্ছে দাবি করে ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী জাতীয় গ্রিডে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সংযোজনের কথা বার বার বলছেন। কিন্তু বাস্তবে মাত্র ৫শ মেগাওয়াট বিদ্যুৎ দেখা যায়। বাকি আড়াই হাজার উৎপাদন হয় না।
“এই খাত থেকে প্রতিবছর ২০ হাজার কোটি টাকা ক্ষমতাসীনরা লুট করে নিচ্ছে,” দাবি করেন তিনি।
জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় ফখরুল আরো বলেন, বর্তমান অবস্থা থেকে উত্তরণে সরকার পরিবর্তন ছাড়া কোনো বিকল্প পথ নেই।
খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী, মশিউর রহমান, আবদুস সালাম, ইসমাইল হোসেন বেঙ্গল, জয়নাল আবেদিন, এস এম শফিউজ্জামান খোকন, শহীদুল ইসলাম চৌধুরী মিলন, মিজানুর রহমান ভুঞার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/২১১২ ঘ.
bdnews24