২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনি: বৈঠক করেছে তদন্ত কমিটি

ডেসটিনি ২০০০ লিমিটেডের ‘নিয়ম-বহির্ভূত কর্মকাণ্ড’ তদন্তে গঠিত সরকারি কমিটি মঙ্গলবার প্রথমবারের মতো বৈঠক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 02:37 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনি ২০০০ লিমিটেডের ‘নিয়ম-বহির্ভূত কর্মকাণ্ড’ তদন্তে গঠিত সরকারি কমিটি মঙ্গলবার প্রথমবারের মতো বৈঠক করেছে। তবে বৈঠক সম্পর্কে কোনো তথ্য জানাতে ‘মন্ত্রণালয়ের নিষেধ’ রয়েছে বলে জানিয়েছেন যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধক আহমেদুর রহিম। তিনি বলেছেন, “ডেসটিনি ২০০০ এর বিষয়ে কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে তথ্য জানতে বাণিজ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করতে হবে।” মঙ্গলবার বিকালে কারওয়ান বাজারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ভবনে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মনজুর হাসান ভূঁইয়া, সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক অসীম কুমার চট্টোপাধ্যায়, অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ রিজওয়ানুল হুদা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের উপ পরিচালক এনামুল হক মজুমদার ও সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালক মোহাম্মদ আবুল হাসান। মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ডেসটিনির নানা অনিয়ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনের পর গণমাধ্যমে ডেসটিনি প্রসঙ্গে নেতিবাচক খবর প্রকাশ হয় গত কয়েকদিন ধরে। এ প্রেক্ষিতে স¤প্রতি এই কমিটি গঠন করে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২০২৫ ঘ.