বগুড়া, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিনে ফেলায় শ্বাসরোধ করে হত্যার পর স্কুলছাত্রের লাশ ইটাভাটায় পুড়িয়ে ফেলেছে অপহরণকারীরা। বগুড়ার কাহালু উপজেলায় এ ঘটনা ঘটেছে।
ঘটনার শিকার স্কুলছাত্র নাইমূল ইসলাম নাঈম (১৩) কাহালু উপজেলার রুস্তমচাপড় গ্রামের পরিবহন ও চালকল ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে। সে কাহালু পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিলো।
গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কোচিং সেন্টারে যাওয়ার পথে নিখোঁজ হয় নাঈম।
বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল সাংবাদিকদের জানান, নাঈম নিখোঁজ হওয়ার দিনই তার বাবা সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তা নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছিলো।
তিনি জানান, সোমবার সকালে অপহরণকারীরা ব্যবসায়ী রফিকুলের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেয়। আর বিকালে অপহরণের টাকা ভাগাভাগি নিয়ে কথা বলার সময় কাহালু রেল স্টেশনের কাছ থেকে গ্রেপ্তার করা হয় কাহালু ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র শাহাদাতকে। এ সময় অন্যরা পালিয়ে যায়।
মঙ্গলবার দুপুর ১টার দিকে শাহাদাতকে বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
শাহাদাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে কোচিং সেন্টারে যাওয়ার সময় নাঈমকে পরীক্ষার প্রশ্ন দেওয়ার লোভ দেখিয়ে স্থানীয় জাকারিয়া, ডালিম, শাকিল ও জামাল চারমাথায় জাহাঙ্গীরের দোকানে নিয়ে যায়। সেখানে নিয়েই নাঈমের মুখ টেপ দিয়ে আটকিয়ে হাত-পা বেঁধে ফেলা হয়।
পরে নাঈমের মোবাইল ফোন দিয়ে তার বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এ সময় অপহরণকারীদের চিনে ফেলায় বিকালেই নাঈমকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় তারা।
শাহাদাত জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে চোখ বেঁধে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে নাঈমকে হত্যা করা হয়। রাত সাড়ে ১১টায় জাকারিয়া ও ডালিম একটি মোটরসাইকেলে নাঈমকে মাঝখানে বসিয়ে ইটাভাটায় যায়।
ইটভাটাটি জাকারিয়ার বাবা আব্দুল মান্নানের।
শ্রমিক মতির সামনেই তারা নাঈমের দেহ মাঝরাতে ইটভাটার জলন্ত আগুনে ফেলে দেয় বলে জানান শাহাদাত। এরপর জাকারিয়া সবাইকে ফোন করে জানায়, আর কোনো চিন্তা নেই।
তিনি দাবি করেন, নাঈমকে অপহরণের পর তাকে সেখানে ডেকে নেওয়া হয়েছিলো। টাকার লোভে পড়ে তিনি অপহরণকারীদের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। কিন্তু কোনো টাকাই তিনি পাননি।
গোয়েন্দা পুলিশের ওসি মিজানুর রহমান জানান, শাহাদাতকে গ্রেপ্তারের পর ইটভাটার মালিক আব্দুল মান্নানকেও গ্রেপ্তার করা হয়েছে। বাটোয়ারার টাকা নিয়ে জাকারিয়া দুপুরে বগুড়া শহরের এক দোকান থেকে একটি মোটর সাইকেলও কিনে ফেলেছে বলে জানান ডিবি কর্মকর্তা।
পুলিশ উপজেলার একটি দোকান থেকে নাঈমের স্কুল ব্যাগ, বই-খাতা ও পানির বোতল উদ্ধার করেছে।
এদিকে মঙ্গলবার সকালে নাঈম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কাহালু পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও রুস্তমচাপড় গ্রামের লোকজন উপজেলা সদরে বিক্ষোভ-মিছিল শেষে ইউএনওকে স্মারকলিপি দিয়েছে।
ছয় জনের নামে মামলা
এ ঘটনায় ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে কাহালু থানায় ছয় জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান সিনিয়র এএসপি আরিফুর রহমান। মামলায় জাকারিয়া ও তার বাবা আব্দুল মান্নান, শাহাদাত, ডালিম, জামাল ও শাকিলকে আসামি করা হয়েছে।
জাকারিয়া ও আব্দুল মান্নানের বাড়ি উপজেলার উলট পূর্ব পাড়ায়; শাহাদাত, ডালিম ও জামালের বাড়ি উলট মধ্যপাড়ায় এবং শাকিল রুস্তমচাপড় গ্রামের বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২০১০ ঘ.
bdnews24