কাজী শাহরিন হক
ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরকে ঐতিহাসিক আখ্যা দিয়ে এর ভিত্তিস্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকতে চেয়েছেন মালয়শিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক।
মঙ্গলবার কুয়ালালামপুরে সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এই আগ্রহ প্রকাশ করেন বলে মালয়েশিয়ার রাষ্ট্রায়াত্ত সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে।
নাজিব আশা প্রকাশ করেছেন, পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ-মালয়শিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছবে।
দেশের বৃহত্তম নির্মাণ প্রকল্প পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতার মধ্যে মালয়শিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ঢাকা।
কুয়ালালামপুরে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মালয়শিয়ার প্রধানমন্ত্রীও ছিলেন। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠানে অংশ নেন শেখ হাসিনা।
বাংলাদেশের পক্ষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবং মালয়েশিয়া সরকারের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি দাতো সেরি স্যামি এস ভেলু এই সমঝোতা স্মারকে সই করেন।
সমঝোতা স্মারকের পর মালয়শিয়ার প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, “এই মাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললাম। আমরা এর অংশীদার হওয়ায় তিনি খুশি। এটি একটি ঐতিহাসিক প্রকল্প হতে যাচ্ছে। আর তা শেষ হলে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে।”
“নির্মাণকারী প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ার পর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ভিত্তিস্থাপন করা হবে। আমি আশা করছি, সেই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমিও উপস্থিত থাকব,” বলেন তিনি।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে এর আগে বিশ্ব ব্যাংকসহ কয়েকটি সংস্থার সঙ্গে চুক্তি করে সরকার। বিন্তু দুর্নীতির অভিযোগে গত বছরের অক্টোবরে বিশ্ব ব্যাংক অর্থায়ন স্থগিত করলে প্রকল্পের কাজ আটকে যায়।
২৯০ কোটি ডলারের এই প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা। এছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিত হওয়ার পর মালয়শিয়া এই সেতু নির্মাণে আগ্রহ দেখায়। গত ২৫ মার্চ দেশটির মন্ত্রিসভা পদ্মা সেতুতে বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করে। এরপর হল সমঝোতা স্মারক।
পদ্মা সেতুর সমঝোতা স্মারক সই হওয়ার পর এখন নির্মাণকারী প্রতিষ্ঠান, ব্যয় সংস্থানসহ অন্য বিষয়গুলো চূড়ান্ত করে তা যথাসময়ে সাংবাদিকদের জানানো হবে বলে জানিয়েছেন মালয়শিয়ার প্রধানমন্ত্রী। আইডিবি ও এডিবির সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।
নির্মাণকারী প্রতিষ্ঠানের চূড়ান্ত করার বিষয়ে নাজিব বলেন, সবগুলো প্রতিষ্ঠানকেই এক নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। এর মধ্য দিয়ে যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী সর্বোত্তম প্রতিষ্ঠানটিকে বাছাই করা হবে।
বারনামা জানায়, সমঝোতা স্মারক অনুযায়ী এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য বিভিন্ন মালয়শীয় প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি কনসোর্টিয়াম গড়ে তোলা হবে এই বছরই। ৫৪ মাসের মধ্যে সেতু নির্মাণ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৯০৬ ঘ.
bdnews24