ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির টানা হরতালের প্রথম দুইদিন না ছাড়লেও তৃতীয় দিনে মঙ্গলবার ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে দূরপ্লালার বাস ছেড়ে যাচ্ছে।
এছাড়া সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যাত্রীবাহী বাস, সিএনজি চালিত অটেরিকশা, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। অফিসমুখী মানুষেরও ভিড় রয়েছে রাস্তায়। প্রধান সড়কগুলোতে যাত্রাবাহী রিকশাও চলাচল করছে।
সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রোববার থেকে সারাদেশে বিএনপির এই লাগাতার হরতাল শুরু হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান করা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদকরা জানান, গত দুদিন থেকে মঙ্গলবার অধিক সংখ্যক গাড়ি ঢাকার রাস্তায় চলাচল করছে। দোকানপাটও খোলা রয়েছে কিছুটা বেশি।
মঙ্গলবার সকালে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ফেনী, নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে গেছে যাত্রীবাহী বাস। এছাড়া চাঁদপুরের কচুয়ার উদ্দেশ্যে সকালেই ছেড়ে যায় তিনটি বাস।
সায়েদাবাদ বাস টার্মিনালে একটি গাড়ির চালক নিপেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেনী, নোয়াখালী, চাঁদপুরসহ বিভিন্ন এলাকার উদ্দেশ্যে সকাল থেকে যাত্রীবাহী বাস ছেড়ে যাচ্ছে।
“গত দুদিন দূরপাল্লার গাড়ি চলাচল না করায় মঙ্গলবার যাত্রীদের উপস্থিতিও অনেক ভালো।”
রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে দুপুর ২টার পর যাত্রীবাহী গাড়ি বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে বলে জানান ঈগল পরিবহনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম।
গত দুদিন নিজ গন্তব্যে যেতে না পেরে মঙ্গলবার সকাল ১০টার পর থেকেই অনেক মানুষ বাস টার্মিনালে এসে ভীড় জমিয়েছেন বলেও জানান তিনি।
সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সময়সূচি অনুযায়ী সকালে সবগুলো লঞ্চ দেশের বিভিন্ন এলাকার উদ্দেশে ছেড়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত আটটি লঞ্চ বিভিন্ন গন্তব্যে সদরঘাট থেকে ছেড়ে গেছে।
ট্রেন ও বিমান চলাচলও স্বাভাবিক রয়েছে।
এদিকে বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তল্লাশি চালাতে দেখা গেছে। হরতালের সমর্থনে সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল করেছে।
বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয় এলাকায় সকাল থেকেই মিছিল করছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/কেটি/এসআই/আরএ/১৩৪২ ঘ.
bdnews24