ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরস্কের অর্থনৈতিক ও বাণিজ্যিক রাজধানী ইস্তাম্বুলে বাংলাদেশের নতুন কনস্যুলেট জেনারেল অফিস চালু করেছে।
এর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি মঙ্গলবার ইস্তাম্বুলে কনস্যুলেট জেনারেল অফিস উদ্বোধন করে। ২০১০ সালের নভেম্বরে তুরস্কের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময় সমঝোতা অনুযায়ী এ কনস্যুলেট স্থাপন করা হল।
উদ্বোধনী অনুষ্ঠানে তুরস্কের ব্যবসায়ী সংগঠনের সদস্যরা ছাড়াও তুরস্ক সফররত বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদল উপস্থিত ছিল। তুরস্কে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরাও এতে উপস্থিত ছিলেন।
দীপু মনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদারের অংশ হিসেবেই নতুন কনস্যুলেট স্থাপন করা হল।
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে এটি কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তুরস্ক ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ২০১৫ সালের মধ্যে ৩০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা অর্জনে দুই দেশের ব্যবসায়ীদের প্রতিও আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকালে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/১৫০৬ ঘ.
bdnews24