২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপির সময় দেশ ছিল নরক’

গ্রেনেড হামলাসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডের নজির তুলে ধরে বিএনপি-জামায়াত জোট সরকার আমলকে নরকের সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেনেড হামলাসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডের নজির তুলে ধরে বিএনপি-জামায়াত জোট সরকার আমলকে নরকের সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মঙ্গলবার হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের সদস্য এবং আহতদের অর্থ সহায়তার চেক তুলে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই চেক প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “বিএনপি গ্রেনেড হামলা করে শাহ এ এম এস কিবরিয়া এবং আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করে। তারা অত্যাচার-নির্যাতনের মাধ্যমে বাংলাদেশকে নরক বানিয়ে ফেলে।” ২০০৫ সালের ২৭ জানুয়ারি বৈদ্যের বাজারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াও নিহত হন। ওই হামলায় মোট পাঁচ জন নিহত এবং অর্ধশত আহত হন। নিহত তিন জনের পরিবারের সদস্যদের দু’লাখ টাকা করে দেন প্রধানমন্ত্রী। আহত প্রত্যেককে দেওয়া হয়েছে এক লাখ টাকা। কিবরিয়া হত্যাকাণ্ডের তদন্ত চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর ন্যায়বিচার আশা করছেন তিনি। “আমরা চাই না, এভাবে আর কেউ নির্যাতনের শিকার হোক,” যোগ করেন তিনি। শেখ হাসিনা বলেন, “বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় আওয়ামী লীগ সমর্থক কেউ ব্যবসা-বাণিজ্য করতে পারেনি। অনেককে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল।” প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠানে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মুখ্যসচিব শেখ ওয়াহিদ-উজ জামান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহউদ্দিন সিরাজ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬২৫ ঘ.