২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিড়ি শিল্পে শ্রমিক ধারণার চেয়ে অনেক কম’

দেশের বিড়ি শিল্পে ২৫ লাখ নয়, মাত্র ৬৫ হাজার শ্রমিক জড়িত। সাম্প্রতিক এক গবেষণায় বেরিয়ে আসা এই তথ্য বিড়ি শিল্পের কর বাড়ানোর বিপক্ষের যুক্তিকে নাকচ করে দিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 08:40 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিড়ি শিল্পে ২৫ লাখ নয়, মাত্র ৬৫ হাজার শ্রমিক জড়িত। সাম্প্রতিক এক গবেষণায় বেরিয়ে আসা এই তথ্য বিড়ি শিল্পের কর বাড়ানোর বিপক্ষের যুক্তিকে নাকচ করে দিচ্ছে। বিড়িশিল্প সংশ্লিষ্টরা এতোদিন বলে আসছিলেন- কর বাড়ালে এই খাতের বিপুল সংখক শ্রমিক বেকার হয়ে যাবে। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস’ কর্মসূচির বাংলাদেশ অধ্যায় স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের সহায়তায় বিষয়টি নিয়ে গবেষণা চালায়। জনস্বাস্থ্যের কথা বিবেচনায় এনে বিড়ি শিল্পে কর বাড়ানোর পাশাপাশি এ খাতের শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়ে আসছে সংগঠনটি। মঙ্গলবার তাদের গবেষণার ফল প্রকাশ করে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, তিনিও তামাক পণ্যের ওপর কর বাড়ানোর পক্ষে। শ্রমিকদের জন্য বিকল্প কাজের ব্যবস্থা করা হবে উল্লেখ করে তিনি বলেন, “একটি দেশ শুধু তামাক শিল্প থেকে আসা রাজস্বের ওপর চলে না।” তিনি তামাকবিরোধী আন্দোলনকারীদের আরও জোরালো কর্মসূচি আয়োজনের পরামর্শ দেন যাতে সংসদ সদস্যরা তামাক শিল্পের পাশে দাঁড়াতে না পারে। স¤প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ সিঙ্গাপুরে তামাকবিরোধী এক আন্তর্জাতিক সম্মেলনে জানান, সংসদ সদস্যরা বিড়ি শিল্পে কর্মরত ২৫ লাখ শ্রমিকের বেকার হয়ে যাওয়ার কথা বলে এ শিল্পে কর না বাড়াতে এনবিআরের ওপর চাপ দিচ্ছে। ‘ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস’ এর গবেষণা প্রতিবেদনে বলা হয়, দেশের ৩১টি জেলায় ১১৭টি বিড়ি কারখানায় প্রায় ৬৫ হাজার শ্রমিক কাজ করে, যা দেশের মোট শ্রমিকের মাত্র দশমিক ১ শতাংশ। অথচ এতোদিন দাবি করা হচ্ছিল, ৪০০টি কারখানায় ২৫ লাখেরও বেশি শ্রমিক এ শিল্পের সঙ্গে জড়িত। সিগেরেট কোম্পানিগুলো এ পরিসংখ্যানের কথা উল্লেখ করে তামাকের ওপর কর বাড়ানোর বিরুদ্ধে চাপ দিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এসইউ/জেকে/১৪৩৫ ঘ.