রংপুর, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরতলীতে গ্রামীণ ব্যাংক থেকে রোববার প্রায় তিন লাখ টাকার মালামালসহ দুটি মোটরসাইকেল লুট করেছে ডাকাতরা।
এ সময় তাদের হামলায় ব্যবস্থাপক গুরুতর আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত-) মামুনুর রশীদ বলেন, রাত আড়াইটার দিকে ১৫ থেকে ২০ জন ডাকাত ব্যাংকের সদ্যপুস্করী পালিচড়া শাখায় লোহার গ্রিল কেটে ঢোকে।
ওখানে ব্যাংকের ব্যবস্থাপক মেরাজুল ইসলাম, হিসাবরক্ষক শফিকুল আলম পরিবার পরিজন নিয়ে থাকেন।
ওসি আরো বলেন, ডাকাতরা এ দুই কর্মকর্তা ও তাদের পরিবারের লোকদের অস্ত্রের ভয় দেখিয়ে চার ভড়ি স্বর্ণালঙ্কার, ৫০ হাজার টাকা, মোবাইল ফোন সেট, একটি হিরো হোন্ডা এবং একটি ডায়ন মেরটরসাইকেল নিয়ে যায়।
এ সময় বাধা দিলে মেরাজুলকে ডাকাতরা কুপিয়ে আহত করে।
একই থানার ওসি আলতাফ হোসেন বলেন, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে মেরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতরা সংখ্যায় ছিল ১৫ থেকে ২০। তারা প্রায় আড়াইঘণ্টা তাদের জিম্মি রেখে লুটপাট চালিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৯ ঘ.
bdnews24