আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্থিক ক্ষতি কমাতে আবাসিকে ন্যূনতম বিদ্যুৎ ব্যবহারের সীমা কমানোর প্রস্তাব দিয়েছে পিডিবি, যা খুচরা গ্রাহকদের ওপর বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছে ক্যাব।
বর্তমানে আবাসিক বিদ্যুৎ ব্যবহারকারীরা ১০০ ইউনিটের জন্য ৩ টাকা ০৫ পয়সা হারে বিল দেন। এর বেশি ব্যবহারের ক্ষেত্রে বিলের হার বেশি। পিডিবির প্রস্তাব কার্যকর হলে মাসে ৬০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের বিল আগের চেয়ে বাড়বে।
চলতি বছর খুচরা পর্যায়ে দুই দফা বিদ্যুতের দাম বাড়ানোর পর সোমবার বর্তমানের ১০০ ইউনিটের ধাপটি (লাইফ লাইন ট্যারিফ) নামিয়ে ৬০ ইউনিট করার প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটিরি কমিশনে (বিইআরসি) দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
বিইআরসি চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রস্তাবটি বিবেচনা করে দেখা হবে। তবে উন্মুক্ত সভা ও গণশুনানি শেষেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নতুন ট্যারিফ কাঠামো নির্ধারণ করা হলে সরকারের ভর্তুকি কমবে বলে জানান তিনি। পিডিবি বলছে, প্রস্তাব কার্যকর হলে চলতি অর্থবছরে তাদের আয় ৮৪ কোটি টাকা বাড়বে।
পিডিবির এই প্রস্তাবের প্রতিক্রিয়া জানতে চাইলে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এভাবে ট্যারিফ পরিবর্তন করা হলে গ্রাহকের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। আয় বাড়ানোর কৌশল হিসেবে এটা করা অনৈতিক।”
“ট্যারিফের কাঠামো পরিবর্তনে একটা দর্শন থাকতে হবে, মনে চাইলেই তা পরিবর্তন করা যায় না,” বলেন তিনি।
তবে এই বিষয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, “দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই ৬০ থেকে ৭০ ইউনিট পর্যন্ত লাইফ লাইন ট্যারিফ রয়েছে, সেখানে আমরা কেন করব না?”
৬০ ইউনিট পর্যন্ত লাইফ লাইন ট্যারিফ নির্ধারণ করা হলেও গ্রাহকরা আর্থিক ক্ষতির শিকার হবে কি না- প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান তিনি।
বর্তমানে বিদ্যুৎ ব্যবহারের জন্য ১০০ ইউনিট পর্যন্ত ৩ টাকা ০৫ পয়সা, ১০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ৪ টাকা ২৯ পয়সা এবং ৪০১ ইউনিটের ওপরে ৭ টাকা ৮৯ পয়সা হারে বিল দেন আবাসিক গ্রাহকরা; যা গত মার্চ থেকে কার্যকর রয়েছে।
এর আগে লাইফ লাইন ট্যারিফ ৩০০ ইউনিট পর্যন্ত ছিল। গত জানুয়ারি থেকে বিইআরসির আদেশে ওই হার কার্যকর হওয়ায় চলতি অর্থবছরের শেষ ছয় মাসে প্রায় ২০ কোটি টাকা আর্থিক ক্ষতি হচ্ছে বলে পিডিবি হিসাব দেখিয়েছে।
পিডিবির প্রস্তাব গৃহীত হলে ৬০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের প্রতি ইউনিটের জন্য ৪ টাকা ২৯ পয়সা হারে বিল দিতে হবে। যেখানে বর্তমানে ১০০ ইউনিট পর্যন্ত ৩ টাকা ০৫ পয়সা হারে বিল দিতে হয়।
প্রস্তাবের পক্ষে যুক্তি দেখিয়ে পিডিবি বলেছে, দুটি বাতি, দুটি ফ্যান ও একটি সাদাকালো টেলিভিশন চালানোর জন্য এক জন গ্রাহকের মাসে বিদ্যুতের ব্যবহার ৬০ ইউনিটের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাই লাইফ লাইন ট্যারিফের সীমা ১০০ ইউনিটের পরিবর্তে ৬০ ইউনিট করার বিষয় বিবেচনার যোগ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/২১২৪ ঘ.
bdnews24