চট্টগ্রাম, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৫ এপ্রিল নগরীর লালদিঘী মাঠে বসছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১০৩তম আসর।
সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র কার্যালয়ে এক সভায় সিদ্ধান্ত হয়। তিন দিনব্যাপী এ মেলা ২৪ এপ্রিল শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে।
১৯০৯ সালে নগরীর বদরপাতি এলাকার বাসিন্দা আব্দুল জব্বার সওদাগর প্রথম প্রীতি কুস্তি প্রতিযোগিতার আয়োজন করেন। সেই থেকে প্রতি বছর বাংলা সনের ১২ বৈশাখ জব্বারের বলী খেলার আয়োজন করা হয়।
বলী খেলাকে ঘিরে লালদীঘি ময়দানের চারপাশের এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আয়োজন করা হয় বৈশাখী মেলা।
আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করছে।
বৈশাখী মেলা ও বলী খেলা উদযাপন কমিটির সভাপতি জহরলাল হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসমী, কাউন্সিলর নুরুল হক উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/২০০১ ঘ.
bdnews24