নারায়ণগঞ্জ, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ইউপি চেয়ারম্যানের ভাতিজার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।
ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর বাবা রোববার গভীর রাতে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন।
স্কুলে যাওয়ার পথে শনিবার উজান গোপিন্দী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ এবং ধর্ষণ করে বাড়ির সামনে ফেলে যায় দুর্বৃত্তরা। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, ধর্ষণের ঘটনায় ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাক মিয়ার ভাতিজা নাঈমকে প্রধান এবং অজ্ঞাত আরো দুইজনেক আসামি করে মামলা হয়েছে।
তবে কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি বলে জানান তিনি।
এদিকে মেয়েটির চাচা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সন্ধ্যায় থানায় মেয়েটির বাবা মামলা করতে গেলে ইউপি চেয়ারম্যান লাক মিয়ার লোকজন থানায় গিয়ে প্রথমে মামলা করতে বারণ করে। কিন্তু ব্যর্থ হয়ে নাঈমের নাম মামলা থেকে বাদ দেওয়ার জন্য চাপ দেয়।
মামলা তুলে নিয়ে স্থানীয়ভাবে মিমাংসা করার জন্য তাদের পরিবারের ওপর চাপ অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৪৫ ঘ.
bdnews24