ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদ পূর্ণ হওয়ার দীর্ঘ পাঁচ বছর পর আগামী ২৪ মে ঢাকার দুই সিটি কর্পোরেশনে ভোট হতে যাচ্ছে।
ভোটের এই দিন ঠিক করে সোমবার বিস্তারিত তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এ উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ জানান, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ১৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। তা যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২ মে।
গত ৯ ফেব্রুয়ারি নিয়োগ পাওয়া কাজী রকিবের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশনের জন্য এটিই হবে প্রথম নির্বাচন। আর আইন সংশোধন করে ডিসিসির বিভক্তির পরও ঢাকায় এটাই প্রথম ভোট, যাতে অংশ নেবেন প্রায় ৪০ লাখ ভোটার।
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী, মো. শাহনেওয়াজ, ইসি সচিব মোহাম্মদ সাদিক ও রিটার্নিং কর্মকর্তারাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এ নির্বাচনে ডিসিসি উত্তরে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকবেন মিহির সারওয়ার মোর্শেদ। আর দক্ষিণের দায়িত্ব পেয়েছেন খন্দকার মিজানুর রহমান।
অবিভক্ত ডিসিসির সর্বশেষ নির্বাচন হয় ২০০২ সালের এপ্রিলে। ২০০৭ সালে এর মেয়াদ উত্তীর্ণ হলে শামসুল হুদার নেতৃত্বাধীন ইসি বেশ কয়েকবার নির্বাচনের উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়।
২০১১ সালের ৩০ নভেম্বর ডিসিসিকে উত্তর ও দক্ষিণে দুই ভাগে ভাগ করে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন সংশোধন করা হয়।
ওই সময় ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থাকায় ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু বিদায়ী ইসি তাতে অপারগতা প্রকাশ করায় আইন আবারো সংশোধন করে সময় ১৮০ দিন বাড়ানো হয়। সে অনুযায়ী, ২৯ মের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
ভোটার, ভোট কেন্দ্র, ভোট কক্ষ
ডিসিসিতে মোট ভোটার ৩৮ লাখ ৫২ হাজার ৯২৬ জন। দু ভাগে ৯২টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ঢাকা উত্তরে ১২টি, দক্ষিণে ১৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড রয়েছে। সম্ভাব্য মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৯৫৭টি ও ভোটকক্ষ ১০ হাজার ২৫৬টি।
ইসির উপ সচিব ও ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৬টি ওয়ার্ডে ২১ লাখ ৭২ হাজার ৪২৭ জন ভোটার রয়েছে। এতে পুরুষ ভোটারের সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৬০৪ জন। মহিলা ভোটার ১০ লাখ ২৭ হাজার ৮২৩ জন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫৬টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৬ লাখ ৮০ হাজার ৪৯৯ জন। পুরুষ ভোটার ৯ লাখ ১৬ হাজার ৮৭৮ জন, মহিলা ভোটার ৭ লাখ ৬৩ হাজার ৬২১ জন।
ঢাকা উত্তরে ভোট কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৮৪টি ও ভোট কক্ষের সংখ্যা ৫ হাজার ৮১৭টি। দক্ষিণের ভোটকেন্দ্রের সংখ্যা ৮৭৩টি ও ভোট কক্ষের সংখ্যা ৪ হাজার ৪৩৯টি।
নিরাপত্তা
ইসি কর্মকর্তারা জানান, ডিসিসির দুই ভাগে প্রায় ২ হাজার ভোট কেন্দ্রসহ স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স নিয়ে ভোটের দিন প্রায় ৩০ হাজার আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য প্রয়োজন হবে।
এর আগে প্রচারণাকালীন সময়ে অর্থাৎ ২১ দিনের জন্য ঢাকার ৯২টি সাধারণ ওয়ার্ডে ৯২ জন নির্বাহী হাকিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। প্রতি তিনটি সংরক্ষিত ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন এক জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ প্রার্থী বা তার সমর্থকদের অনিয়ম দেখভাল করবেন এসব ম্যাজিস্ট্রেটরা। এছাড়া কোথাও কোনো বড় সহিংসতা ঘটলে তা মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনী ১০টি দল সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে কমিশনকে অবহিত করবেন ইসির নিজস্ব পর্যবেক্ষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/১৫৪০ ঘ.
bdnews24