বরগুনা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদর উপজেলায় জোয়ারের তোড়ে বেরী বাঁধ ভেঙে ৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় চারশ’ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
পানিবন্দি গ্রামগুলো হল- সদর উপজেলার পালের বালিয়াতলী, ছোট বালিয়াতলী ও পাতাকাটা।
বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ বারী বাদল জানান, দুপুরে জোয়ারের পানির চাপে বেরী বাঁধ ভেঙে যায়। আবহাওয়া খারাপ হওয়ায় গ্রামবাসী আতঙ্গে রয়েছে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বাঁধ ভাঙার কথা স্বীকার করে জানান, সদর উপজেলার ৪১/৫ নং পোল্ডার (বালিয়াতলী, ছোট বালিয়াতলী ও পাতাকাটা) সংস্কারের কাজের জন্য ৪ মাস আগে দরপত্র আহ্বান করা হলেও অর্থ বরাদ্দ না হওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি।
বরগুনায় ২৪টি পোল্ডারভুক্তক প্রায় ১০০ কিমি বেরী বাঁধ বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।
সিডর ও আইলায় বরগুনা জেলার ২৪টি পোল্ডারের মধ্যে ১২টি পোল্ডার ক্ষতিগ্রস্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৭৪০ ঘ.
bdnews24