ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নথিবিভ্রাটের কারণে দেলাওয়ার হোসাইন সাঈদীকে রাজাকার হিসেবে ট্রাইব্যুনালে নথিভুক্ত করতে পারেনি প্রসিকিউশন বিভাগ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ হেলালউদ্দিনের সাক্ষ্যগ্রহণ শুরুর দিনে এই বিভ্রাট দেখা দেয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, একাত্তরে পিরোজপুরের পাড়েরহাটে রাজাকার বাহিনী গঠনের অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন সাঈদী।
এর সপক্ষে তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে তথ্য খুঁজতে গিয়ে দেখা যায়, আসামি পক্ষ নথিপত্রের এই অংশটি পায়নি।
এ নিয়ে প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীদের বদানুবাদে আদালতে কিছু সময়ের জন্য উত্তপ্তও হয়ে উঠে। পরে সাঈদীর আইনজীবীদের আপত্তিতে ট্রাইব্যুনালেরও সায় আসে।
ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি নিজামুল হক তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ সোমবার পর্যন্ত মুলতবি করেছেন। সাঈদীর বিরুদ্ধে মামলায় হেলালউদ্দিনই সর্বশেষ সাক্ষী।
গতবছরের ৩ অক্টোবর এই ট্রাইব্যুনালে প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের নায়েবে আমির সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। ২০১১ সালের ১৪ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
এদিকে ট্রাইব্যুনালে জামায়াত আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১৯৩৫ ঘ.
bdnews24