বাগেরহাট, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিপণের টাকা দিয়েও ছেলেকে ফিরে পাননি বাগেরহাটের দিনমজুর বিনয় মজুমদার।
বৃহস্পতিবার নিজ বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় চিতলমারী উপজেলার কুড়ালতলা গ্রামের বিশ্বজিৎ মজুমদার (৩)।
রোববার চিতলমারী থানায় অপহরণ মামলা করেছেন বিনয় মজুমদার।
চিতলমারী থানার ওসি হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিখোঁজ হওয়ার পর খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এলাকায় মাইকিং করা হয়।
পরদিন দুপুরে মোবাইল ফোনে বিশ্বজিতকে অপহরণ করা হয়েছে জানিয়ে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ঘটনাটি জানালে শিশুটির প্রণনাশের হুমকি দেওয়া হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, এতে ভয় পেয়ে পরিবারের লোকজন কাউকে কিছু না জানিয়ে গোপনে ধারকর্জ করে অপহরণকারীদের কথা অনুযায়ী শনিবার রাতে গ্রামের একটি মাঠে মুক্তিপণের টাকা রেখে আসেন বলে জেনেছি।
“কিন্তু ছেলেকে ফিরে না পেয়ে রোববার থানায় এসে অপহরণ মামলা করেন। আমরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছি,” বলেন ওসি।
এ ব্যাপারে শিশুটির পরিবারের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১০ ঘ.
bdnews24