২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে সাদা দলের শিক্ষকদের অবস্থান ধর্মঘট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদ জানিয়ে নিয়োগ বন্ধের দাবিতে অবস্থান ধর্মঘট করেছেন সাদা দলের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 12:24 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

চট্টগ্রাম, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদ জানিয়ে নিয়োগ বন্ধের দাবিতে অবস্থান ধর্মঘট করেছেন সাদা দলের শিক্ষকরা। রোববার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও জামায়াতপন্থী একশ ২৫ জন শিক্ষক। সাদা দলের আহ্বায়ক ও ব্যবসায় প্রাশাসনের ডিন অধ্যাপক কে এম গোলাম মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পদের বাইরে অতিরিক্ত শিক্ষক নিয়োগের প্রতিবাদে আমরা অবস্থান ধর্মঘট পালন করেছি।” নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম বন্ধ না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। সাদা দলের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী বলেন, উপাচার্য ও উপ-উপাচার্যকে আমাদের দাবিগুলো জানানো হয়েছে। সাদা দলের শিক্ষকদের অভিযোগ, ২৭টি বিজ্ঞাপিত পদের বিপরীতে দলীয় বিবেচনায় ৪৩ জনকে শিক্ষক হিসেবে বিভিন্ন বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৩ পাওয়া প্রার্থীও রয়েছেন দাবি করে তারা বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তির ক্ষেত্রেই ওই দুই পরীক্ষায় জিপিএ-৩ পাওয়া শিক্ষার্থীদের বিবেচনা করা হয় না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/১৮২২ ঘ.