২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সমুদ্রজয়’ মঙ্গল শোভাযাত্রায়ও

পহেলা বৈশাখে চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হবে, তার প্রস্তুতির খবর জানাচ্ছেন শহীদুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 05:40 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশাল আকারের ময়ূরপঙ্খীর পেছনে ছুটছে প্যাঁচার মুখাবয়বের ভয়ঙ্কর চেহারার সব জন্তু; সঙ্গে হাতি, ঘোড়া, বাঘ; রণসাজে সজ্জিত সৈন্য দলও হাঁটছে পাশে। বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখে এবারের মঙ্গল শোভাযাত্রায় এই দৃশ্য আনার চেষ্টায় নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। এবারের শোভাযাত্রার প্রস্তুতি কাজের সমন্বয়ক, চারুকলার ১১তম ব্যাচের শিক্ষার্থী নবেন্দু সাহা নব শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রজয় বিশাল অর্জন। এছাড়া যুদ্ধাপরাধীদের বিচার এখনো শেষ হয়নি- পজিটিভ ও নেভেটিভ দুটি বিষয়কে প্রাধান্য দিয়েই এবার শোভাযাত্রার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।” বাংলাদেশের ‘সমুদ্রজয়’ প্রতীকীভাবে তুলে ধরতে শোভাযাত্রার সামনে থাকবে সাত সমুদ্র তের নদী পার হয়ে... রূপকথার সেই ময়ূরপঙ্খী নাওয়ের আদলে তৈরি ৪০ ফুট লম্বা সাম্পান। ভয়ঙ্কর চেহারার জন্তুটিকে যুদ্ধাপরাধীর প্রতীক হিসেবে তুলে ধরে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার আহ্বানও থাকবে। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে চারুকলা অনুষদ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। প্রতি বছর নতুন আঙ্গিকে সাজানো হয় এই শোভাযাত্রা। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই নয়, রাজধানীবাসীর সঙ্গে সেই শোভাযাত্রায় অংশ নিতে দূর-দূরান্ত থেকেও আসেন অনেকে। শনিবার চারুকলায় গিয়ে দেখা যায়, দল বেঁধে শিক্ষার্থীরা নানা কাজে ব্যস্ত। মূল ফটকের পাশেই এক দল শিক্ষার্থী সরা, স্কার্ফ, মুখোশ, মাটির তৈরি ব্যাঙ, হাতি, ঘোড়া, পাখি, পুতুল ও কলমদানি প্রভৃতি তৈরি ও বিক্রি করছে। এ সবেই রয়েছে বিভিন্ন প্রকার দেশজ আল্পনা। ফটক পেরিয়ে গেলেই চোখে পড়ে ব্যস্ত শিক্ষার্থীদের জটলা। কোথাও তৈরি হচ্ছে মুখোশ, কোথাও প্রতিকৃতির কাঠামো। বাঁশ, কাঠ, কাগজ ও খড় দিয়ে তৈরি করা হচ্ছে এসব প্রতিকৃতি। ৪০ ফুট লম্বা সাম্পান প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছেন চার-পাঁচ জন শিক্ষার্থী। ভয়ঙ্কর জন্তুটিরও একটি কাঠামো দাঁড় করাতে ব্যস্ত আরো কয়েক জন। এছাড়া হাতি, ঘোড়া ও বাঘের প্রতিকৃতি বানানোর কাজেও কেউ কেউ। নবেন্দু জানান, সাম্পান, ভয়ঙ্কর জন্তু, হাতি, ঘোড়া, বাঘ ছাড়ও এবারের শোভাযাত্রায় থাকবে পাতার মতো দেখতে একটি বিশেষ পাখি, যা নরসিংদী এলাকায় দেখা যায়। এছাড়া বিভিন্ন চিত্রকরের আকা ৪০ ফুট দীর্ঘ একটি ‘পেইন্টিং’ থাকবে এবারের শোভাযাত্রায়। “এবার যেহেতু সমুদ্রজয়ের বিষয়টি প্রাধান্য পাচ্ছে তাই আদিকালের যুদ্ধজয়ের বিভিন্ন অস্ত্র-সস্ত্র ও প্রতীক নিয়ে অনেকেই শোভাযাত্রায় অংশ নেবেন,” যোগ করেন নবেন্দু। মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) চারুকলা চত্বর থেকে শুরু হয়ে রূপসী বাংলা হোটেলের সামনে দিয়ে ঘুরে শাহবাগ মোড় দিয়ে টিএসসি ঘুরে আবার আগের জায়গায়র চলে আসবে বলে জানান এই শিক্ষার্থী। চারুকলার ১৫তম ব্যাচের শিক্ষার্থী রাজু সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষক-শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করেই শোভাযাত্রার খরচ যোগান দেওয়া হয়। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার বড় সরা ৫০০ টাকা, ছোট সরা ৩০০, কাল সরা ৬০০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া বড় তুহিন পাখি বিক্রি হচ্ছে দেড়শ’ টাকা ও ছোটটি ৩০ টাকায়। আর ছোট মুখোশগুলো বিক্রি হচ্ছে দেড়শ’ টাকায়। বৈশাখ বরণের প্রস্তুতি সম্পর্কে চারুকলা অনুষদের ডিন মো. মতলুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবারের মঙ্গল শোভাযাত্রার প্রাধান্য পাবে বাংলাদেশের সমুদ্রজয়। এছাড়া যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত কারার দাবিও ফুটে উঠবে শোভাযাত্রায়।” কয়েক দিন পরই বিদায় নেবে বাংলা ১৪১৮ সাল। পহেলা বৈশাখে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাঙালি মেতে উঠবে নতুন বর্ষ বরণে। ইতিহাস বলে, রাজস্ব আদায়ের সুবিধার জন্য মুঘল সম্রাট আকবরের যুগে প্রবর্তন হয়েছিল বাংলা সালের। বর্ষ শুরুর সে দিনটিই এখন বাঙালির প্রাণের উৎসব। বাদশাহ আকবরের নবরতœ সভার আমির ফতেহ উল্লাহ সিরাজি বাদশাহি খাজনা আদায়ের সুবিধার জন্য ফসলি সালের শুরু করেছিলেন হিজরি চান্দ্রবর্ষকে সৌরবর্ষের মতো মিলিয়ে নিয়ে। তিনিই হিজরিকে বাংলা সালের সঙ্গে সমন্বয় সাধন করেছিলেন ও পয়লা বৈশাখ থেকে বাংলা নববর্ষ গণনা শুরু করেছিলেন। আর বৈশাখ নামটি নেওয়া হয়েছিলো নক্ষত্র ‘বিশাখা’র নাম থেকে। ইতিহাসের পাতা উল্টে আরো জানা যায়, পয়লা বৈশাখে আকবর মিলিত হতেন প্রজাদের সঙ্গে। সবার শুভ কামনা করে চারদিকে বিতরণ হতো মিষ্টি। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে বর্ষবরণ উৎসব চলে আসে জমিদার বাড়ির আঙিনায়। খাজনা আদায়ের মতো একটি রসহীন বিষয়ের সঙ্গে যুক্ত হয় গান বাজনা, মেলা আর হালখাতার অনুষ্ঠান। আজ আর খাজনা আদায় নেই, কিন্তু রয়ে গেছে উৎসবের সে আমেজ। সেটা এখন ছড়িয়ে পড়েছে শহর বন্দর আর গ্রামে, জাতি-বর্ণ নির্বিশেষে সব বাঙালির মাঝে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১১৩০ ঘ.