চট্টগ্রাাম, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপেয় পানির সঙ্কটের জন্য সচেনতার অভাবকে দায়ী করে সঙ্কট নিরসনে সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
রোববার বন্দর নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ওয়াসা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
আশরাফ বলেন, “পানি নিয়ে দলীয় রাজনীতি করার অবকাশ নেই। পানি যেমন আওয়ামী লীগের দরকার, তেমনি বিএনপিরও।
“মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির যেমন দরকার, তেমনি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিরও দরকার। তাই পানি নিয়ে সার্বজনীন ঐক্য প্রয়োজন। পানি না হলে আমরা কেউ বাঁচব না।”
পানি সঙ্কটের জন্য মানুষের অসচেতনতাকে দায়ী করে মন্ত্রী বলেন, “আমরা মনে করি পানির অভাব নেই। পৃথিবীর তিন ভাগের দুই ভাগ পানি হলেও খুব কমই ব্যবহার উপযোগী। এ নিয়ে আমাদের সচেতনতা বাড়াতে হবে।”
“আজ বুুড়িগঙ্গার পানি মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীই পান করতে পারে না। ধীরে ধীরে পানির স্তর নিচে নামছে। এতে ভূমির যে বিপর্যয় সৃষ্টি হবে তা ভাবতেও গা শিউরে ওঠে। এর জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের এ পাপের প্রায়শ্চিত্ত করতে হবে,” বলেন তিনি।
পানি সঙ্কটের অবসানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আশরাফ বলেন, “আপনি বসে থাকবেন আর সরকার পানি দেবে, তা হয় না। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আর সরকার তো আপনারাই।”
সহযোহিতাপরায়ণ মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঢাকায় গুলশান-বনানীতে ডিপ টিউবওয়েল (গভীর নলকূপ) বসাতে কেউ একটু জমিও দিতে চায় না। এমনকি ১০ কাঠা বাড়ির মালিকও জমি দিতে রাজি হন না। এই ধরনের মানসিকতা আমাদের কী করে হয়? তাহলে আমরা পানি সরবরাহ করব কীভাবে?”
সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দক্ষতা আরো বাড়াতে কর্মকর্তাদের প্রতি পরামর্শ দেন মন্ত্রী।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসীম এ খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/২১৪০ ঘ.
bdnews24