২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রসীমার জন্য বিএনপি চেষ্টাই করেনি: দীপু মনি

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বাংলাদেশের ন্যায্য সমুদ্রসীমার অধিকার আদায়ে বিএনপি কোনো চেষ্টাই করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 05:41 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বাংলাদেশের ন্যায্য সমুদ্রসীমার অধিকার আদায়ে বিএনপি কোনো চেষ্টাই করেনি। ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতার পর এত বড় বিজয় হয়ে গেল। কিন্তু তারা তো কিছুই করেনি, চেষ্টাটুকু পর্যন্ত করেনি।” “আপনারা আপনাদের দায়িত্ব পালন করেননি- এটা আপনাদের ব্যর্থতা। কিন্তু, দেশের মানুষের আনন্দের মুহূর্তে এর ভাগটুকু নিতে যেন ব্যর্থ হবেন না।” হোটেল পূর্বাণীতে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। বাংলাদেশের ন্যায্য সমুদ্রসীমার অধিকার আদায়ে সফলতার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা দিতে ‘চাঁদপুর সমাজ’-এর পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৪ মার্চ জাতিসংঘ ট্রাইব্যুনালের দেওয়া এক রায়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমার দীর্ঘ ৩৮ বছরের বিরোধ নিরসন হয়। বঙ্গোপসাগরে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন দুশ নটিক্যাল মাইল বিস্তারের পক্ষে ওই রায় দেয় ট্রাইব্যুনাল, যা বাংলাদেশ আগে দাবি করে এলেও মিয়ানমারের বাধায় বাস্তবায়িত হয়নি। রায়ের পরদিন বিএনপি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিনন্দন জানায়। এরপর সংসদে খালেদা জিয়া সরকারকে অভিনন্দন জানান। তবে শনিবার বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল বলেন, তারা তথ্য-উপাত্ত না জেনেই তারা আগে ধন্যবাদ দিয়েছিলেন, এখন তা তারা তা ‘সংশোধন’ করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/পিডি/২৩৪০ ঘ.