ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি গণকবরের সন্ধান পাওয়ার দাবি করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
গত কয়েকদিন ধরে ইব্রাহিমপুরের বিলে মাটি কাটার সময় শ্রমিকরা মানুষের বেশকিছু কঙ্কাল পায়।
মাটি কাটা শ্রমিক রফিক, জুয়েল, কামরুল জানান, গত কয়েকদিন ধরে তারা ইব্রাহিমপুর গ্রামের পূর্ব পাড়ার বিলের পাশে ধন মিয়া নামে এক কৃষকের জলাশয় খনন করছিলেন।
এর আগে প্রতিদিন একটা, দু’টা করে মাথার খুলি ও হাড় পেলেও বিষয়টিকে গুরুত্ব দেননি তারা।
কিন্তু গত বৃহস্পতিবার ১২/১৪টি মাথার খুলিসহ হাড়গোড় পেয়ে ভড়কে যান তারা। তখন বিষয়টি তারা স্থানীয় চেয়ারম্যানসহ নেতৃস্থানীয় ব্যক্তিদের জানান।
শনিবার স্থানীয় সাংসদ শাহ জিকরুল আহমেদ খোকন গণকবরটি পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, “মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে ট্রেনিং নিতে যাবার জন্য আমরাদের এ এলাকা দিয়ে একটি রুট নির্ধারণ করা হয়েছিল।
“অনেকে ভুল করে ইব্রাহিমপুর সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় রাজাকারদের খপ্পরে পড়ে। তাদেরই হত্যা করে এখানে মাটি চাপা দেওয়া হয়,” যোগ করেন সাংসদ।
স্থানীয় প্রবীন ব্যক্তি ছাদেক মিয়া বলেন,“সংগ্রামের সময় এই বিল দিয়ে অনেক লাশ ভেসে যেতে দেখেছি।”
অপর এলাকাবাসী আবু তাহের খন্দকার বলেন, “ওই স্থান থেকেই গুলির শব্দ ভেসে আসত। ওই শব্দ শুনে আমরা বাড়ি থেকে দূরে চলে যেতাম, শান্ত হলে আবার ফিরে আসতাম। মনে হচ্ছে পাঞ্জাবিরা এখানে গণহারে মানুষ মেরেছে।”
ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এলাকার মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের এক মতবিনিময় সভায় ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান চৌধুরী বলেন, “এলাকাটি নিচু ও নির্জন হওয়ায় ’৭১ এ পাক সেনারা মুক্তিযোদ্ধাদের ধরে এনে এখানে গুলি করে মারত।”
মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মাথার খুলি, হাড়গোড় দেখতে ভিড় করে এলাকার শতশত মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24