২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪৪ ধারার মধ্যেই নোয়াখালীতে ছাত্রদলের সম্মেলন

১৪৪ ধারা জারির মধ্যে স্থান পরিবর্তন করে নোয়াখালী সদরের তিনটি কমিটির সম্মেলন করেছে ছাত্রদল। তবে সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 11:59 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

নোয়াখালী, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৪৪ ধারা জারির মধ্যে স্থান পরিবর্তন করে নোয়াখালী সদরের তিনটি কমিটির সম্মেলন করেছে ছাত্রদল। তবে সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়নি। শুক্রবার ছাত্রদলের সদর উপজেলা, শহর ও নোয়াখারী সরকারি কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনার মুখে আগের রাতে জেলা শহরে ১৪৪ ধারা জারি প্রশাসন। পরে ছাত্রদল শহরতলীর বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে সম্মেলন করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন কমিটির সম্মেলনকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ছাত্রদলের বিবাদমান দুটি পক্ষের মধ্যে শহরে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় গাড়ি ভাঙচুর ও দোকানপাটে হামলা চালানো হয়। উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই রাতেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সালেহ মো. ফেরদৌস খান সব ধরনের সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ করে পৌর এলাকায় শুক্রবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। শহরে বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৪৪ ধারা জারির পর ছাত্রদল নেতারা শনিবার সম্মেলন শহর থেকে সরিয়ে শহরতলীর বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে যায়। দুপুরের পর থেকে বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন। সন্ধ্যার আগে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাবের আহম্মদ সম্মেলনের উদ্বোধন করেন। টেলিকনফারেন্সের মাধ্যমে সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান। এছাড়াও জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, ছাত্রদল নেতা রুস্তম আলী, সাহাব উদ্দিন রাসেল, আবু হাসান মো. নোমান, সামছুদ্দোহা মিঠু প্রমুখ বক্তব্য রাখেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানান, সম্মেলনে তিনটি কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটি শিগগিরই ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৫৫ ঘ.