২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃদ্ধদের চিকিৎসায় নতুন বিভাগ খোলার উদ্যোগ

বৃদ্ধদের চিকিৎসার জন্য আলাদা বিভাগ খোলার প্রয়োজনীয়তা আছে কিনা তা যাচাই করে দেখবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 09:37 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃদ্ধদের চিকিৎসার জন্য আলাদা বিভাগ খোলার প্রয়োজনীয়তা আছে কিনা তা যাচাই করে দেখবে স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার ঢাকায় বিশ্ব স্বাস্থ্য দিবসের অনুষ্ঠান উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী এএফএম রুহুল হক বলেন, “বৃদ্ধদের স্বাস্থ্য সমস্যা ভিন্ন। আমরা দেখব তাদের চিকিৎসার জন্য একটা আলাদা বিভাগ (জেরিয়াট্রিক) খোলার প্রয়োজন আছে কিনা।” বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। এবারের স্বাস্থ্য দিবসের মূল প্রতিপাদ্য ‘বার্ধক্য ও স্বাস্থ্য’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যভুক্ত দক্ষিন-পূর্ব এশিয়ার দেশগুলোর মোট জনসংখ্যায় ৮ শতাংশেই ষাটোর্ধ। ২০২৫ সালের মধ্যে এ অঞ্চলে বৃদ্ধদের হার ১২ শতাংশ ও ২০৫০ সালে ২০ শতাংশে পৌঁছবে। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার ৬ দশমিক ৮ শতাংশের বয়স ৬০ বছরের বেশি। বিশ্বজুড়েই বয়স্ক মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়াবেটিস ও ফুসফুসের বিভিন্ন রোগ। বিশেষজ্ঞরা বলছেন, এসব রোগ ছাড়াও বৃদ্ধের সুস্থ রাখার জন্য দন্ত চিকিৎসা, চোখের যতœ, আথ্রাইটিস ও স্বাস্থ্য পরীক্ষার ওপর জোর দিতে হবে। বিশ্বের বৃদ্ধ মানুষদের ৪ থেকে ৬ শতাংশই ‘ভুল’ চিকিৎসায় মারা যায় উল্লেখ করে রুহুল হক বলেন, “স্বাস্থ্য সমস্যা দূর করে তাদের যদি সক্রিয় রাখা যায় তবে জাতীয় অর্থনীতির জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।” বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) বাংলাদেশে বৃদ্ধদের চিকিৎসার জন্য আলাদা বিভাগ (জেরিয়াট্রিক) খুলতে স্বাস্থ্যমন্ত্রণালয়কে সহায়তা করবে বলে জানায়। বিএমএ সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান জানান, সরকার শিক্ষিত ও প্রশিক্ষিত বৃদ্ধ লোকদের জাতীয় বিভিন্ন সেবায় কাজে লাগাতে পারে। অবসরের সময়সীমা ৫৯ বছর থেকে ৬৫ থেকে ৬৭ বছরে বাড়ানো সুপারিশ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এসইউ/১৫২৫ ঘ.