২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নির্বাহী কমিটির সভা ডেকেছেন খালেদা

আন্দোলনের নতুন কর্মসূচি নির্ধারণে বিএনপির সর্বোচ্চ সাংগঠনিক ফোরাম জাতীয় নির্বাহী কমিটির সঙ্গে রোববার বসছেন দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 06:56 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের নতুন কর্মসূচি নির্ধারণে বিএনপির সর্বোচ্চ সাংগঠনিক ফোরাম জাতীয় নির্বাহী কমিটির সঙ্গে রোববার বসছেন দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া। সকাল ১০টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দিনব্যাপী এই সভা শুরু হবে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “আন্দোলনের কর্মসূচি, সংগঠন শক্তিশালী করাসহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও নেতাদের মতামত জানতে এই সভা হচ্ছে। দলের চেয়ারপার্সন খালেদা জিয়া এতে সভাপতিত্ব করবেন।” তিনি জানান, নির্বাহী কমিটির সভার জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে কমিটির সদস্যরা পরিচয়পত্র সংগ্রহ করছেন। রোববার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের পর আধা ঘণ্টা বিরতি দিয়ে শুরু হবে রুদ্ধদ্বার বৈঠক। উদ্বোধনী অনুষ্ঠানে শোক প্রস্তাব ও ভারপ্রাপ্ত মহাসচিবের প্রতিবেদন উপস্থাপনের পর বক্তব্য দেওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার। বিএনপির শীর্ষ নেতারা জানান, ২০০৯ সালের ডিসেম্বরে দলের পঞ্চম জাতীয় কাউন্সিলের পর ৩৮৬ সদস্যের এই জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হয়। ২০১০ সালের ৩১ জুলাই এবং ২০১১ সালের ২৩ এপ্রিল দুটি সভার পর রোববারের বৈঠক হবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তৃতীয় সভা। রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাহী কমিটির দ্বিতীয় সভার পর থেকে এ পর্যন্ত দলের কর্মসূচি, দেশের পরিস্থিতি এবং বিরোধী দলের আন্দোলনসহ সার্বিক বিষয়ে মূল্যায়ন করে নেতৃবৃন্দ মতামত দেবেন এই সভায়। তৃণমূলে কীভাবে সংগঠনকে শক্তিশালী করা যায়- তা নিয়েও আলোচনা হবে। বিএনপির ৭৫টি সাংগঠনিক জেলার নেতৃবৃন্দসহ নির্বাহী কমিটির সদস্যরা অংশ নেবেন এ সভায়। জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাও আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন। সব মিলিয়ে ৪২০ জনকে এই সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। অন্যদের মধ্যে বিএনপির মহানগর সদস্য সচিব আবদুস সালাম, দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, যুব দলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় নেতা শাহ নুরুল কবির শাহীন, রফিক শিকদার সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২৪৫ ঘ.