২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যয় বাড়ছে, বিদ্যুৎ সংকট কাটছে না

গত অর্থবছরের পুরো সময়ে এ খাতে যে টাকা খরচ হয়েছে, চলতি অর্থবছরের আট মাসেই ব্যয় হয়েছে তার প্রায় সমান। অন্যদিকে উৎপাদন-চাহিদার সমীকরণে ঘাটতি থেকে গেছে আগের মতোই। আবদুর রহিম হারমাছি ও আমিনূর রহমান রাসেলের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 05:24 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

আবদুর রহিম হারমাছি ও আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের উন্নয়ন বাজেটের সবচেয়ে বেশি অর্থ বিদ্যুৎ খাতে ব্যয় হলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি দেখা যাচ্ছে না। গত তিন বছরে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও পাল্লা দিয়ে চাহিদা বাড়ায় ঘাটতি রয়ে গেছে আগের মতোই। গত অর্থবছরের পুরো সময়ে (১২ মাসে) এ খাতে যে টাকা খরচ হয়েছে, চলতি অর্থবছরের আট মাসেই ব্যয় হয়েছে তার প্রায় সমান। এরপরও সংকট কাটছে না। গত বছরের চেয়ে এবার এপ্রিল মাসে বিদ্যুতের উৎপাদন প্রায় পাঁচশ মেগাওয়াট বেড়ে গড়ে ৫ হাজার মেগাওয়াট হয়েছে। কিন্তু একই সময়ে চাহিদা বেড়ে হয়েছে প্রায় সাড়ে ৭ হাজার মেগাওয়াট। ফলে দুই থেকে আড়াই হাজার মেগাওয়াটের ঘাটতি সামাল দিতে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং না করে উপায় থাকছে না বিদ্যুৎ বিভাগের। চৈত্রের খরতাপের মধ্যে অসহনীয় লোডশেডিংয়ে বিরক্ত মানুষ ক্ষোভ দেখাচ্ছে মিছিল-অবরোধ করে। বিরোধী দলের সমালোচনার পাশাপাশি ক্ষমতাসীন জোটের সাংসদরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন সংসদে। ‘৩ হাজার মেগাওয়াট’ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বর্তমান আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। ২০১৬ সালের মধ্যে উৎপাদন প্রায় ১৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা অনুযায়ী গত তিন বছরে মোট পাঁচ হাজার ৫৩৩ মেগাওয়াট ক্ষমতার ৫২টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি হয়েছে। এরপরও বিদ্যুতের লোডশেডিং নিয়ে বিরোধী দল ও গণমাধ্যমের সমালোচনার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই খাতে সরকারের ‘অর্জনের’ কথা তুলে ধরে গত ২ মার্চ গণভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “যারা বিদ্যুতের উৎপাদন চোখে দেখেন না.....মাঝে মাঝে ইচ্ছা করে, আমরা যে ৩ হাজার ৩০০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করছি, তা সাতদিনের জন্য বন্ধ করে দেই। দেখি কী হয়...” সরকার বিদ্যুৎ উৎপাদন বাড়াতে কাজ চালিয়ে যাচ্ছে জানিয়ে ওই অনুষ্ঠানে তিনি বলেন, উৎপাদনের সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত বিদ্যুতের চাহিদাও বাড়ছে। এ কারণেই লোডশেডিং। অবশ্য তিন বছরে ৩ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করার দাবি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল। বিএনপি নেতা এম কে আনোয়ার গত সোমবার এক সভায় বলেন, “উৎপাদন বাড়লে কেন এই মৌসুমে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না? গ্রামাঞ্চলের মানুষ সেচের জন্য বিদ্যুৎ পাচ্ছে না। তা হলে কোথায় গেল বিদ্যুৎ?” বিরোধী দলের অভিযোগ, ক্ষমতাসীন দলের লোকজন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে বিপুল অংকের অর্থ ‘লুটপাট’ করছে। পিডিবির ভাষ্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বর্তমানে চালু থাকা প্রায় একশ বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা আট হাজার ৮৪ মেগাওয়াট। কিন্তু গ্যাস সংকট, কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকা এবং মেয়াদ ফুরিয়ে ক্ষমতা কমে যাওয়ার কারণে প্রতিদিন গড়ে সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে দৈনিক গড় উৎপাদন দাঁড়িয়েছে পাঁচ হাজার মেগাওয়াটের মতো। অন্যদিকে গত তিন বছরে সাড়ে ২১ লাখ নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ায় চাহিদা বেড়েছে সাড়ে ১৩০০ মেগাওয়াট। সেচ মৌসুম শুরু হওয়ার পর প্রতিদিন গড়ে প্রায় এক হাজার মেগাওয়াট বাড়তি বিদ্যুত প্রয়োজন হচ্ছে। সব মিলিয়ে দৈনিক চাহিদা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৭ হাজার মেগাওয়াট। ফলে দুই থেকে আড়াই হাজার মেগাওয়াট ঘাটতি থেকেই যাচ্ছে। পিডিবি চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গরমের কারণে মার্চের শুরু থেকে মে মাস পর্যন্ত বিদ্যুতের চাহিদা এমনিতেই বেশি থাকে। পাশাপাশি সেচ মৌসুম এবং গ্যাস সংকটের কারণে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় লোড-শেডিং বেড়েছে।” তিনি জানান, গত বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে বিদ্যুতের গড় উৎপাদন ছিলো প্রায় সাড়ে চার হাজার মেগাওয়াট। বর্তমানে তা বেড়ে প্রায় ৫ হাজার মেগাওয়াট হয়েছে। “গত বছরের তুলনায় পাঁচশ মেগাওয়াট উৎপাদন বাড়লেও নতুন সংযোগ দেওয়ার কারণে মোট চাহিদা বেড়েছে এর চেয়ে বেশি। এ কারণে লোড-শেডিং এর মাত্রাও বেড়েছে”, যোগ করেন আলমগীর। বরাদ্দ আরো বাড়লো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত সপ্তাহে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পর্যালোচনা প্রতিবেদনে জানানো হয়, চলতি অর্থবছরে বিদ্যুৎ বিভাগের জন্য বরাদ্দ রাখা হয় সাত হাজার ১৪৫ কোটি ২৮ লাখ টাকা, যা ৪৬ হাজার কোটি টাকার মূল এডিপির ১৬ শতাংশ। এর মধ্যে অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) সময়ে খরচ হয়েছে চার হাজার ২২৬ কোটি ৩৫ লাখ টাকা। অর্থাৎ, বাস্তবায়নের হার ৫৯ শতাংশ। গত অর্থবছরের (২০১০-১১) এডিপিতে বিদ্যুৎ খাতে বরাদ্দ ছিল পাঁচ হাজার ৯৮১ কোটি ৮৮ লাখ টাকা। অর্থবছর শেষে মোট খরচ হয় পাঁচ হাজার ৯১২ কোটি ৮৯ লাখ টাকা। ওই বৈঠকে পাঁচ হাজার কোটি টাকা কাঁটছাট করে ৪১ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করা হলেও বিদ্যুৎ খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে ৩৮ কোটি টাকা। সংশোধিত এডিপিতে সব খাতের বরাদ্দ কমলেও বিদ্যুৎ খাতেই কেবল বেড়েছে। মূল্য এডিপিতে বিদ্যুৎ বিভাগের জন্য বরাদ্দ ছিল সাত হাজার ১৪৫ কোটি ২৮ লাখ টাকা। সংশোধিত এডিপিতে তা বাড়িয়ে সাত হাজার ১৮৩ কোটি ১০ লাখ করা হয়েছে। এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এ কে খোন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সরকার বিদ্যুৎ সংকট নিরসণের জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে সব মন্ত্রণালয়/বিভাগ টাকা খরচ করতে পারবে না তাদের টাকা অন্য মন্ত্রণালয়/বিভাগে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশের আলোকে প্রয়োজন হলে বিদ্যুৎ খাতে আরও বরাদ্দ বাড়ানো হতে পারে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এআরআর/জেকে/১১২০ ঘ.