চট্টগ্রাম, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবকাঠামো সঙ্কটের মধ্যেও সরকারি হাসপাতালগুলোর সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
তিনি বলেছেন, “সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত মেডিক্যাল কলেজ হাসপাতালগুলো অনেক ভালো চলছে। দেশের সবগুলো সরকারি হাসপাতালেই শয্যার তুলনায় রোগী বেশি। আমরা চেষ্টা করছি অবকাঠামোগত উন্নয়নের জন্য।”
শুক্রবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নবনির্মিত স্বতন্ত্র কার্ডিয়াক সার্জারি বিভাগ পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
৪৮ শয্যার কার্ডিয়াক সার্জারি বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হয় ২০১০ সালের শেষ দিকে।
চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, হাসপাতালের পরিচালক ফসিউর রহমান, সিভিল সার্জন ডা. আবু তৈয়ব, বিএমএ’র চট্টগ্রাম শাখার সভাপতি ডা. শেখ শফিউল আজম, সাধারণ সম্পাদক ডা. নাসির উদ্দিন মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে চমেক সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে এই প্রথম চট্টগ্রামে কার্ডিয়াক সার্জারি বিভাগ চালু হতে যাচ্ছে। আগামী পাঁচ ছয় সপ্তাহের মধ্যে এটি পুরোদমে কাজ শুরু করবে।
রুহুল হক বলেন, সাময়িকভাবে জাতীয় হƒদরোগ ইনস্টিটিউট থেকে কিছু চিকিৎসক ও সেবিকা দিয়ে কার্ডিয়াক বিভাগ চালু করা হচ্ছে। কার্ডিয়াক বিভাগের জন্য পর্যাপ্ত জনবল ইতিমধ্যে অর্থমন্ত্রণালয় অনুমোদন করেছে। দ্রুততম সময়ের মধ্যে তা হয়ে যাবে।
বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞদের এনে কার্ডিয়াক বিভাগের চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান ডা. নাজমুল হোসেন বিভাগটির বিভিন্ন দিক মন্ত্রীর কাছে তুলে ধরেন।
তিনি জানান, কার্ডিয়াক সার্জারি বিভাগ চালু হলে চট্টগ্রামে ৪০ হাজার টাকায় ওপেন হার্ট সার্জারি ও ১০ হাজার টাকায় ক্লোজড হার্ট অস্ত্রোপচার সম্ভব হবে।
বিকালে মন্ত্রী চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।
এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে লায়ন্স ক্লাবের ১৫তম জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেনারেল হাসপাতালকে চট্টগ্রামের দ্বিতীয় মেডিক্যাল কলেজে রূপান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/০০২১ ঘ.
bdnews24