ভোলা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার তজুমদ্দিন উপজেলা থেকে একটি জীবিত ও একটি জবাই করা হরিণসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে শিবপুর গ্রামের বেড়িবাঁধ এলাকা থেকে শাজাহান (৪৫), সিরাজ (৫০), আবদুল হক (৪০) ও মোস্তাফিজকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তারা উপজেলার সম্ভুপুর গ্রামের বাসিন্দা।
তজুমদ্দিন থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, গোপন সংবাদ পেয়ে শিবপুর বেড়িবাঁধ এলাকা থেকে একটি জীবিত এবং একটি জবাই করা হরিণসহ চার পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরো জানান, জীবিত হরিণটিকে বাসনভাঙ্গা চরে অবমুক্ত করার জন্য দৌলতখানের রেঞ্জ অফিসার আলতাফ হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মামলা এবং গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১১৩ ঘ.
bdnews24