২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের ‘নিখোঁজ’ ছাত্রদল নেতার সন্ধান দাবি

তিন দিন ধরে ‘নিখোঁজ’ এক ছাত্রদল নেতার সন্ধান দাবি করেছে বিএনপি ও পরিবারের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 02:19 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

সিলেট, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিন ধরে ‘নিখোঁজ’ এক ছাত্রদল নেতার সন্ধান দাবি করেছে বিএনপি ও পরিবারের সদস্যরা। শুক্রবার দুপুরে নগরীর একটি হোটেলে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে অভিযোগ করা হয়, গত মঙ্গলবার (৩ এপ্রিল) ঢাকার উত্তরায় এক আত্মীয়ের বাসা থেকে সাদা পোশাকের পুলিশ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনারকে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি এম ইলিয়াস আলী বলেন, একটি মিথ্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিতে দিনার ও অপর এক ছাত্রদল নেতা জুনায়েদ ঢাকার উত্তরায় এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন। মঙ্গলবার বিকালে সাদা পোশাকের পুলিশ তাদের দু’জনকে নিয়ে যায়। এরপর থেকে দিনারের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বা কখনো চালু থাকলেও কেউ রিসিভ করছে না। ইলিয়াস আলী অভিযোগ করে বলেন, “দিনার র‌্যাব হেফাজতে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার কেউই দিনারকে আটকের বিষয়টি স্বীকার করছে না। এতে বোঝা যাচ্ছে দিনারকে নিষ্ঠুরভাবে নির্যাতন করা হচ্ছে বা গুম করার ষড়যন্ত্র চলছে।” আজ (শুক্রবার) সন্ধ্যার মধ্যে দিনারের সন্ধান দেওয়ার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত দিনারের মা পারভিন বেগম, স্ত্রী প্রিন্সিলা পারভিন, মেয়ে মায়িশা এবং শ্বশুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গাফ্ফার তার সন্ধান দেওয়ার দাবি জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম ও মহানগর সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী পংকী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২০১১ ঘ.