মুন্সীগঞ্জ/পাবনা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝড়ে বিদ্যুতের তার ছিড়ে মুন্সীগঞ্জে একটি পেপার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া পাবনার বেড়ায় আগুনে পুড়ে গেছে দুটি মার্কেটের ৭০টি দোকান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, শুক্রবার সকাল ১০টার দিকে চরমুক্তারপুর এলাকার এশিয়ান পেপার মিলে ঝড়ে বিদ্যুতের তার ছিড়ে আগুন লেগে যায়। দমকলকর্মীরা প্রায় চার ঘণ্টা চেষ্টার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে কেউ হতাহত হয়নি।
মুক্তারপুর পুলিশ ফাঁড়ির ওসি মিজানুর রহমান জানান, পার্শ্ববর্তী প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরির বিদ্যুতের তার ছিড়ে এশিয়ান পেপার মিলের বিদ্যুতের তারের উপর পড়লে আগুনের সূত্রপাত হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দুলাল হোসেন জানান, দুপুর ২টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।
এদিকে ঝড়ে বিদ্যুতের প্রধান সংযোগ লাইন বিচ্ছিন্ন হওয়ায় পুরো মুন্সীগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ।
সমিতির উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) ইমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নারায়ণগঞ্জ থেকে আসা ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের প্রধান লাইনটি ঝড়ের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে মুন্সীগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
শুক্রবার সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সংযোগ ঠিক হয়ে যেতে পারে বলে জানান তিনি।
পাবনা প্রতিনিধি জানিয়েছেন, শুক্রবার ভোররাত ৪টার দিকে বেড়া বাসস্ট্যান্ড সংলগ্ন খালেক সুপার মার্কেট এবং বাশার সুপার মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। তীব্র বাতাসের কারণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুটি মার্কেটের অন্তত ৭০টি দোকান পুড়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
দমকল বাহিনীর দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৭০০ ঘ.
bdnews24