ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছুটির দিনের সকালে ছিনতাইকারীর হাত থেকে তিন নারীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা।
শুক্রবার সকাল ৭টার দিকে ৪০ বছর বয়সী মো. হযরত আলীকে রাজধানীর মিরপুরের রাইন খোলা এলাকায় গুলি করে হত্যা করে ছিনতাইকারীরা। তিনি কল্লোল গ্রুপের মার্কেটিং ম্যানেজার ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাইন খোলার চ ব্লকে তিন নারী সকালে প্রাতভ্রমণে বেরিয়েছিলেন। হঠাৎ একটি প্রাইভেটকারে করে ৪/৫ জন ছিনতাইকারী তাদের পথে আটকে ছিনতাই শুরু করে।
“হযরত ঘটনাটি দেখে একটি ইট হাতে ছিনতাইকারীদের দিকে তেড়ে গেলে তারা গুলি করে গাড়ি নিয়ে পালিয়ে যায়।”
বুকের বাম পাশে গুলিবিদ্ধ হযরত ঘটনাস্থলেই নিহত হন বলে ওসি জানান।
এদিকে খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড এলাকায় এআরএসএস কোম্পানির এক নিরাপত্তাকর্মী সন্ত্রাসীদের ছুরিতে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে রুহুল আমিন (২৫) নামে ওই নিরপত্তাকর্মীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
মেডিকেল পুলিশ ফাঁড়ির হাবিলদার মো. এরশাদ জানান, বৃহস্পতিবার রাতে রুহুল আমিন নির্মাণাধীন এয়ারপোর্ট রোড-মিরপুর ফ্লাইওভারে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। মধ্যরাতের পরপর কোনো এক সময় তার গলায় ছুরি মারে সন্ত্রাসীরা।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১৪৫ ঘ.
bdnews24