২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিমান চেয়ারম্যান সংসদ অবমাননা করছেন’

তলব সত্ত্বেও বৈঠকে উপস্থিত না হওয়ায় বিমান চেয়ারম্যান সংসদ অবমাননা করেছেন বলে মন্তব্য করেছেন একটি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 03:33 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তলব সত্ত্বেও বৈঠকে উপস্থিত না হওয়ায় বিমান চেয়ারম্যান সংসদ অবমাননা করেছেন বলে মন্তব্য করেছেন একটি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি জানান, বিমানের বর্তমান পরিচালনা পর্ষদে পরিবর্তন আনার সুপারিশও করে কমিটি। সংসদীয় কমিটির সভায় নিয়মিত অনুপস্থিতির কারণে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক বিমানবাহিনী প্রধান ও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জামালউদ্দিন আহমেদকে তলব করে রোববার স্থায়ী কমিটির মুলতবি বৈঠক ডাকা হয় বৃহস্পতিবার। এ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মোশাররফ। তিনি বলেন, “সংসদীয় কমিটির বৈঠকে হাজির হওয়ার জন্য বলার পরও উপস্থিত না হওয়ায় বিমান চেয়ারম্যান সংসদকে অবমাননা করেছেন।” সংসদীয় কমিটি বিমানে প্রভাব খাটাচ্ছে- চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে এমন অভিযোগ করেছেন বলেও উল্লেখ করেন সংসদীয় কমিটির সভাপতি। অভিযোগকে চ্যালেঞ্জ করে মোশাররফ বলেন, “এ অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে বিমান চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।” বৃহস্পতিবারের বৈঠকে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে মন্ত্রীর নেতৃত্বে নতুন পর্ষদ গঠনের সুপারিশ করা হয়। বিমানের বিদ্যমান সমস্যার আশু সমাধান করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া বিমান ইজারা নেওয়াসহ অন্যান্য প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে চলে কি-না তা মন্ত্রণালয়কে নিবিড়ভাবে খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়। এক্ষেত্রে অনিয়ম ধরা পড়লে অপরাধীকে শা¯িতর আওতায় আনার জোর সুপারিশ করা হয়। বিমান চেয়ারম্যানের পদত্যাগ ও পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবিতে আগামী ১৬ এপ্রিল থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট কর্মসূচি রয়েছে কেবিন ক্রু ও কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদের’। গত ২৫ মার্চ এক কর্মসূচি থেকে পরিচালনা পর্ষদের সদস্যদের বিমানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বৃহস্পতিবারের বৈঠকে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান, সৈয়দ মহসিন আলী, মঈন উদ্দীন খান বাদল, মো. ফরিদুল হক খান, শফিকুর রহমান চৌধুরী ও মোছা. শেফালী অংশ নেন। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. আতাহারুল ইসলাম, ক্যাব চেয়ারম্যান মাহমুদ হোসেন, বিমান এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলামসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১৩৫ ঘ.