২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি নির্বাচনে ৬ দিনের নিরাপত্তা পরিকল্পনা

আইন-শৃঙ্খলা বাহিনীর বাজেটসহ ডিসিসির দুই ভাগে নির্বাচন আয়োজনে খরচ অর্ধশত কোটি টাকায় পৌঁছাবে ইসি কর্মকর্তাদের ধারণা। মঈনুল হক চৌধুরীর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 05:01 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দুই সিটি কর্পোরেশনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোটের আগে-পরে মিলিয়ে ৬ দিনের জন্য ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের কর্মকর্তারা জানান, মে মাসের শেষ ভাগে ভোট অনুষ্ঠানের জন্য এক সপ্তাহের মধ্যেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। আর এ লক্ষ্যে বুধবার আইন-শৃংখলা বাহিনীর প্রধানদের সঙ্গে বসে নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করেছেন ইসি সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ভোটের সময় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপই ইসি নেবে। আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবে পুলিশ, বিজিবি, র‌্যব ও আনসার। নির্বাহী ও বিচারিক হাকিমের পাশাপাশি নিজস্ব পর্যবেক্ষকরাও থাকবেন। তবে এ নির্বাচনে সেনা মেতায়েনের প্রয়োজন নেই বলেই মনে করছে ইসি। ঢাকার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসি সন্তুষ্ট হলেও সিইসি মনে করেন, নির্বাচন ঘিরে আরো কয়েক দফা বৈঠক করতে হবে। “হঠাৎ করে অনেক কিছু করতে হবে আমাদের। শুরু করবো পুলিশ দিয়ে”, বলেন তিনি। ডিসিসির দুই ভাগে নির্বাচন আয়োজনের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১২ কোটি টাকা। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর বাজেটসহ এই খরচ অর্ধশত কোটি টাকায় পৌঁছাবে ইসি কর্মকর্তাদের ধারণা। কেন্দ্রের নিরাপত্তা ইসির পরিকল্পনা অনুযায়ী, ভোটের আগের তিন দিন এবং পরের দুই দিনসহ মোট ৬ দিন মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। ডিসিসির দুই ভাগে প্রায় ২ হাজার ভোট কেন্দ্রের জন্য স্ট্রাইকিং ও মোবাইল ফোর্সসহ ভোটের দিন আইন শৃঙ্খলাবাহিনীর প্রায় ৩০ হাজার সদস্য প্রয়োজন হবে বলে ইসি কর্মকর্তাদের ধারণা। এর আগে নির্বাচনী প্রচারকালীন ২১ দিনে ঢাকার ৯২টি সাধারণ ওয়ার্ডে ৯২ জন নির্বাহী হাকিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। প্রতি তিনটি সংরক্ষিত ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন এক জন করে বিচারিক হাকিম। দায়িত্বে থাকা হাকিমরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ প্রার্থী বা তার সমর্থকরা অনিয়ম করছেন কি না- তা দেখবেন। কোথাও বড় কোন সহিংসতা ঘটলে তা সামাল দিতে সব সময় প্রস্তুত থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর ১০টি দল। এছাড়া ইসির নিজস্ব পর্যবেক্ষকরা প্রতিটি ওয়ার্ডের পরিস্থিতি সম্পর্কে কমিশনকে অবহিত করবেন ইসি সচিবালয়ের একজন জ্যেষ্ঠ সহকারী সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিটি কেন্দ্র আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য রাখার পাশাপাশি কেন্দ্রের বাইরেও রাখা হবে বিশেষ নিরাপত্তা দল। প্রতিটি ওয়ার্ডে ৩৬ জনের মোবাইল দল, ইসির একজন নিজস্ব পর্যবেক্ষক ও একজন করে ম্যাজিস্ট্রেট রাখারও পরিকল্পনা রয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন আইন-শৃংখলা বাহিনীর ২৪ জন সদস্য। এর মধ্যে ১২ জনের কাছে অস্ত্র থাকবে। প্রতিটি কেন্দ্রের বাইরে থাকবেন ৫ জন করে পুলিশ ও র‌্যাব। এছাড়া প্রতিটি ওয়ার্ডে তিনটি পিক-আপে ৩৬ জন পুলিশ ও র‌্যাবের দল সার্বক্ষণিক প্রহরায় থাকবে। প্রতিটি পিক-আপে থাকবেন একজন করে নির্বাহী হাকিম। ইসির নিজস্ব পর্যবেক্ষক হিসাবে ৯২টি ওয়ার্ডে দায়িত্বে থাকবেন থানা নির্বাচন কর্মকর্তারা। সিইসি ইতোমধ্যে জানিয়েছেন, ইসি সচিবালয়ের দুই কর্মকর্তাকে (একজন ইসি উপ সচিব ও অন্যজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা) রিটার্নিং কর্মকর্তা হিসেবে দুই সিটি কর্পোরেশনের ভোট আয়োজনের দায়িত্ব দেওয়া হতে পারে। ভোটকেন্দ্র ও ভোটার ডিসিসিতে মোট ভোটার ৩৮ লাখ ৫৮ হাজার ৯৫৫ জন। দুই ভাগে ৯২টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ঢাকা উত্তরে ১২টি, দক্ষিণে ১৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড রয়েছে। দুই সিটিতে ১ হাজার ৯৫৭টি কেন্দ্রের ১০ হাজার ২৫৬টি ভোটকক্ষে এ নির্বাচন হতে পারে। ইসির উপ সচিব ও ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৬টি ওয়ার্ডে ২১ লাখ ৭৭ হাজার ৬৬৫ জন ভোটার রয়েছেন। আর দক্ষিণের ৫৬টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৬ লাখ ৮১ হাজার ২৯০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১০৫৪ ঘ.