২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: ডিজিএফআই’র রুমিকে ফের জেরা

রাজনৈতিক উদ্দেশ্যে ও নিজে লাভবান হতে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে ডিজিএফআই’র সাবেক প্রধান সাদিক হাসান রুমি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন বলে দাবি করেছেন বাবরের আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 12:50 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

চট্টগ্রাম, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক উদ্দেশ্যে ও নিজে লাভবান হতে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে ডিজিএফআই’র সাবেক প্রধান সাদিক হাসান রুমি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন বলে দাবি করেছেন বাবরের আইনজীবী। ১০ ট্রাক অস্ত্র ও চোরাচালান মামলার সাক্ষী ডিজিএফআই’র সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাদিক হাসানকে জেরার সময় বাবরের আইনজীবী বলেন, “বাবরকে ক্ষতিগ্রস্ত করতে ঘটনার সাত বছর পর এসে আপনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।” এতে রুমি ‘না’ সূচক জবাব দেন। বাবরের আইনজীবী জেরায় বলেন, “এ মামলায় আপনি যে সাক্ষ্য দিয়েছেন তা শোনা কথার ওপর ভিত্তি করে।” জবাবে রুমি বলেন, “আমার ডিটাচমেন্ট কমান্ডারের কাছ থেকে শুনে এ কথা বলেছি।” বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে বাবরের আইনজীবী আবদুস সোবহান তরফদার ও মাহবুব আহম্মদ সাক্ষীকে জেরা করেন। এর আগে গত ১৫ মার্চ সাক্ষ্য দিতে গিয়ে সাদিক হাসান বলেছিলেন, “তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর চাপে সরকারি তদন্ত কমিটিতে ডিজিএফআই’র প্রতিনিধি হিসেবে রেজ্জাকুল হায়দারকে মনোনীত করতে বাধ্য হই।” সেদিন তিনি বলেন, “রেজ্জাকুলের সঙ্গে উলফানেতা পরেশ বড়–য়ার যোগাযোগ থাকা এবং ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র চোরাচালানের সঙ্গে এনএসআইয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম, পরিচালক উইং কমান্ডার সাহাবউদ্দিন, উপ-পরিচালক মেজর লিয়াকত হোসেন ও ফিল্ড স্টাফ আকবর হোসেনের সংশ্লিষ্ট থাকার বিষয়টি ডিজিএফআইয়ের তৎকালীন ডিটাচমেন্ট কমান্ডার কর্ণেল রেজাউর রহমানসহ অন্য ফিল্ড স্টাফরা জানিয়েছিলেন।” রুমির সাক্ষ্যে উল্লেখিত সবাই বর্তমানে ১০ ট্রাক অস্ত্র ও চোরাচালান মামলায় গ্রেপ্তার আছেন। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে বাংলাদেশ রসায়ন শিল্প কর্পোরেশনের (বিসিআইসি) অধীন সিইউএফএল’র সংরক্ষিত জেটি ঘাটে খালাসের সময় ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে দুটি পৃথক মামলা দায়ের করে। বুধবার জেরার শুরুতে রুমিকে জেরা করেন রেজ্জাকুলের আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ ও মোহাম্মদ আহসান। রুমির সাক্ষ্য উদ্ধৃত করে রেজ্জাকুলের আইনজীবীরা প্রশ্ন করেন, “পেশাগত ঈর্ষা ও সিআইডির চাপেই রেজ্জাকুলের সঙ্গে পরেশ বড়–য়ার যোগাযোগ আছে বলে সাক্ষ্যে উল্লেখ করেছেন।” জবাবে রুমি বলেন, “এ কথা সত্য নয়।” বুধবার পর্যায়ক্রমে বাবর ছাড়াও আসামি এনএসআই’র সাবেক প্রধান আবদুর রহিম, সাবেক পরিচালক শাহাবুদ্দিন, সাবেক উপ-পরিচালক লিয়াকত হোসেন, সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খানের আইনজীবীরা সাদিক হাসান রুমিকে জেরা করেন। বিকালে জেরা শেষে বিচারক আগামী ১৭ এপ্রিল পুনরায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। ওই দিন ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনা তদন্তে গঠিত সরকারি তদন্ত কমিটির সদস্য এনএসআই’র সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমানের সাক্ষ্য নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৩০ ঘ.