ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দকে জেরা অব্যাহত রেখেছেন আসামি হুসেইন মুহম্মদ এরশাদের আইনজীবী।
বুধবার নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে জেরা চলার পর বিচারক জেসমিন আরা বেগম অবশিষ্ট জেরার জন্য আগামী ২৪ এপ্রিল দিন রাখেন।
এর আগে ৮ মার্চ কাহার আকন্দের জেরা হওয়ার কথা থাকলেও তিনি ‘রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায়’ তা হয়নি।
এ মামলায় অভিযুক্ত সাবেক সেনা শাসক এরশাদের পক্ষে অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম বুধবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের(সিআইডি) বিশেষ সুপার আব্দুল কাহার আকন্দকে জেরা করেন।
আদালতের পেশকার কল্যাণ কুমার সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে চলে এসেছে। ফৌজদারি মামলার বিচারে তদন্ত কর্মকর্তাই সাধারণত সব শেষে সাক্ষ্য দিয়ে থাকেন।
এ মামলায় জামিনে থাকা এরশাদসহ অন্য আসামিরা এদিন আদালতে হাজির ছিলেন।
১৯৮১ সালের ১ জুন জেনারেল মঞ্জুরকে চট্টগ্রাম সেনানিবাসে গুলি করে হত্যা করা হয়। এ অভিযোগে ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেন মঞ্জুরের ভাই।
ওই বছরের ১৫ জুলাই তৎকালীন সহকারী পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ আদালতে অভিযোগপত্র দেন। এরশাদসহ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর এ পর্যন্ত মোট ২৭ জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে বলে কল্যাণ কুমার জানান।
মামলার অপর আসামিরা হলেন- মেজর (অব.) কাজী এমদাদুল হক, লে. কর্নেল (অব.) মোস্তফা কামাল উদ্দিন ভূঁইয়া, লে. কর্নেল (অব.) সামস ও মেজর জেনারেল (অব.) আবদুল লতিফ। তারা সবাই হাইকোর্টের জামিনে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৭৪০ ঘ.
bdnews24