২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালাফ হত্যা: সৌদি দলের ঘটনাস্থল পরিদর্শন

রাজধানীর গুলশানে সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেদেশ থেকে আসা তদন্ত প্রতিনিধি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 10:23 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানে সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেদেশ থেকে আসা তদন্ত প্রতিনিধি দল। পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার লুৎফুল কবীর বিডিনিউজ টোয়োন্টফোর ডটকমকে জানান, বুধবার সকাল ১১টার দিকে আট সদস্যের দলটি গুলশানের ১২০ নম্বর সড়কে খালাফের বাসার সামনে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে তারা খালাফের বাসায় যান। ঘটনাস্থল পরিদর্শনের সময় প্রতিনিধি দলটি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। এরপর তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক করার কথা রয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের আগে বা পরে পুলিশের সঙ্গে তদন্ত দলের কোনো বৈঠক হয়নি জানিয়ে উপ কমিশনার লুৎফুল বলেন, “তারা তাদের মতো করে শুধু দেখেছেন। কোনো কথা হয়নি।” পরিদর্শনের সময় সৌদি দলের সঙ্গে গোয়েন্দা পুলিশের কয়েকজন সদস্যও উপস্থিত ছিল। সৌদি আরবের প্রতিনিধিরা কোনো আলামত সংগ্রহ করেননি বা ঘটনাস্থলের ছবি তোলেননি বলে উপ কমিশনার জানান। গত ৫ মার্চ রাতে সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ (৪৫) গুলশানে গুলিবিদ্ধ হন, পরদিন ভোরে হাসপাতালে তার মৃত্যু হয়। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ উদঘাটন কিংবা এতে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। খালাফের হত্যাকাণ্ড তদন্তে সৌদি আরবের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আট সদস্যের দলটি মঙ্গলবার ঢাকা পৌঁছায়। খালাফ হত্যা তদন্তে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো সহায়তা ঢাকার পক্ষ থেকে চাওয়া হয়নি। তবে সৌদি আরব তদন্তে তাদের আগ্রহ বাংলাদেশকে জানায়। তাতে বাংলাদেশও সম্মত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/জেকে/১৬১০ ঘ.