নাটোর, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধিগ্রহণ করা জমির অতিরিক্ত মূল্য পরিশোধ না করায় নাটোর জেলা প্রশাসক, জেলা ভূমি হুকুম দখল কর্মকর্তা ও গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ের সব মালামাল জব্দ করা হয়েছে।
আদালতের নির্দেশে মঙ্গলবার (৩ এপ্রিল) সারাদিন এসব মালামাল জব্দ করার কাজ চলে।
মামলার নথি থেকে জানা যায়, শহরের বড়হরিশপুরে পুলিশ লাইন তৈরির জন্য সরকার ১৯৮৫ সালে আব্দুর রাজ্জাক নামের একজনের কাছ থেকে এক দশমিক ৪৬ একর জমি অধিগ্রহণ করে। পরে জমির মালিক অতিরিক্ত মূল্য আদায়ের জন্য আদালতে মামলা করেন।
বাদীর আইনজীবী আবু আহসান টগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদীর আবেদন মতে জমির অতিরিক্ত মূল্য বাবদ পাঁচ লাখ একচল্লিশ হাজার টাকা পরিশোধের জন্য সরকারের পক্ষে জেলা প্রশাসক, জেলা রাজস্ব কর্মকর্তা ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেয়। বিবাদীরা ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে গেলে রায় বহাল থাকে। কিন্তু এরপরও তারা বাদীর টাকা পরিশোধে গড়িমসি করতে থাকেন।
দীর্ঘদিন ঝুলে থাকার পর বাদী আদালতের রায় কার্যকর করার জন্য ২০০৬ সালে আদালতের কাছে লিখিত আবেদন করেন।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ মার্চ যুগ্ম জেলা জজ শেখ মো. নাসিরুল হক আদালতের রায় কার্যকর না হওয়া পর্যন্ত অর্থাৎ বাদীর টাকা পরিশোধ না করা পর্যন্ত জেলা প্রশাসক, জেলা রাজস্ব কর্মকর্তা ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল ক্রোক করার নির্দেশ দেন।
আদেশ অনুযায়ী জজ আদালতের তিন কর্মচারী আব্দুর রশিদ, তরিকুল ইসলাম ও আবু হাছান মঙ্গলবার দুপুরে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। তারা জেলা প্রশাসকের বসার চেয়ার থেকে শুরু করে অনান্য আসবাবপত্র, কম্পিউটার, এয়ারকুলারসহ যাবতীয় মালামাল জব্দ করেন।
এরপর জব্দ তালিকা তৈরি করে জেলা প্রশাসকের নাজিরের স্বাক্ষর গ্রহণ করেন। জেলা প্রশাসকের অনুরোধে মালামালগুলি তার নাজিরের জিম্মায় রাখা হয়। তবে শর্ত থাকে যে আদালত চাওয়া মাত্র মালামাল আদালতে পৌঁছে দিতে হবে। এ সময় নেজারত শাখার দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস উপস্থিত ছিলেন।
একইভাবে জেলা হুকুম দখল কর্মকর্তা ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের মালামালও জব্দ করে তাদের নিয়োজিত কর্মকর্তাদের জিম্মায় দেওয়া হয়।
রায় কার্যকর করার আগে সোমবার বিকালে জেলা প্রশাসকের পক্ষে জিপি আসাদুল ইসলাম যুগ্ম জেলা জজ আদালতের আদেশ পুনঃবিবেচনার জন্য জেলা জজের কাছে দরখাস্ত করেন। শুনানি শেষে আদালত তা নাকচ করেন।
আইনজীবী আবু আহসান টগর আরো বলেন, একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রতিকার পাওয়ার জন্য আর কতকাল অপেক্ষা করতে পারে? বিবাদীরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি হওয়ায় বছরের পর বছর আদালতের নির্দেশ অবজ্ঞা করছেন। তাই ন্যায় বিচারের স্বার্থেই আদালত মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (জিপি) আসাদুল ইসলাম বলেন, “আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু সরকারি টাকা নির্দিষ্ট তহবিলে আসতে বিলম্ব হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”
নাটোরের জেলা প্রশাসক মো. জাফর উল্লাহ বলেন, “আমরা টাকা না পেলে বাদীর টাকা পরিশোধ করব কীভাবে? এমন তো না যে টাকা আমাদের তহবিলে জমা রেখে আমরা পরিশোধ করছি না। আমি নতুন এসেছি। আদালত যেটা ভাল মনে করেছেন তাই করছেন। এ ব্যাপারে আমার কিছু বলার নাই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১১ ঘ.
bdnews24