ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ৫২ দিন পার হওয়ার পরও মামলার অগ্রগতি নিয়ে কথা বলতে রাজি হলেন না স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
মঙ্গলবার সচিবালয়ে পহেলা বৈশাখের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকরা মন্ত্রীর কাছে ওই মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আজ এ বিষয়ে কোনো কথা বলব না।”
গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছারাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। ওই ঘটনায় ‘অজ্ঞাতপরিচয়’ ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা হয়, যার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ওই হত্যাকাণ্ডের পর ৫২ দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত শেষ করতে পুলিশকে নির্দেশ দেন। এরপর পুলিশ সংবাদ সম্মেলনে জানায়, তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। হত্যার কারণও সনাক্ত করতে পেরেছে বলে দাবি করে তারা।
এরই মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি এই হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে ‘মনগড়া’ কোনো প্রতিবেদন প্রকাশ না করার নির্দেশনা দেয় হাই কোর্ট। এ ক্ষেত্রে ব্যবস্থা নিতে তথ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়। তদন্তে সুনির্দিষ্ট অগ্রগতি ছাড়া প্রিন্ট ও ইলেট্রনিক মাধ্যমে পুলিশকে কোনো বক্তব্য না দিতেও বলে হাই কোর্ট।
ওই আদেশের পর থেকেই আদালতের নির্দেশনার সমালোচনা করে আসছিলেন সাংবাদিক নেতারা। তারা বলেন, আদালতের আদেশের কারণে মামলাটি ‘ডিপ ফ্রিজে’ চলে গেছে।
তবে সোমবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে আদালত লিখিত আদেশে কোনো ‘বিধিনিষেধ’ দেয়নি। তবে তদন্ত প্রক্রিয়ায় ‘অনিষ্টকর প্রভাবের’ বিষয়ে সাংবাদিকরা সতর্ক দৃষ্টি রাখবে বলে আশা প্রকাশ করেছে হাইকোর্ট।
পহেলা বৈশাখের প্রস্তুতি
পহেলা বৈশাখের নিরাপত্তা প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানান, জনসাধারণের সর্বোচ্চ নিরাপত্তার জন্য পহেলা বৈশাখের দিন রাজধানীতে ১৪ হাজার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।
রাজধানীর মত সারাদেশের নববর্ষের অনুষ্ঠানের নিরাপত্তার জন্য ৩০ হাজার আইন-শৃঙ্খলাবাহিনী কাজ করবে।
রাজধানীর রমনা পার্ক এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ওই দিন রমনা পার্কের পাশের সড়কগুলোতে গাড়ি নিয়ে আসা যাবে না। ব্যক্তিগত ব্যাগ বা কোনো ধরনের প্যাকেটও সঙ্গে আনা যাবে না।
“পার্কের সড়কগুলোতে হকারদের দোকান বসানো যাবে না। ওই এলাকায় সাধারণের জন্য বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করবে ওয়াসা”, বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুসতাক আহমেদসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/জেকে/১৪৫৫ ঘ.
bdnews24