ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের আমলাদের কারণেই বাংলাদেশ সেখানে শুল্কমুক্ত সুবিধার সুফল পাচ্ছে না বলে অভিযোগ করেছেন এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ।
সোমবার বিকেলে মতিঝিলে ঢাকা চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে ‘বায়ার সেলার মিট’ শীর্ষক এক অনুষ্ঠানে ব্যবসায়ী শিল্প উদ্যোক্তাদের শীর্ষ সংগঠনের এই প্রধান এ কথা বলেন।
আজাদ বলেন, “ভারত সরকার ও কর্মকর্তারা নিজেদের বাণিজ্য রক্ষা করতে চায়। তারা শুল্কমুক্ত সুবিধা দিতে আমাদের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি করেছে। কিন্তু কাস্টমস ও ব্যুরোক্রেটরা জানে কীভাবে এটি আটকে দিতে হয়।”
প্রয়োজনীয় শর্ত পূরণ করলেও ভারত থেকে ব্যবসায়ীদের ভিসা দেওয়া হয় না বলেও অভিযোগ করেন তিনি।
স¤প্রতি বাংলাদেশের ৬১টি পণ্যকে ভারতের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার ঘোষণা আসে। ৬১টি পণ্যের মধ্যে ৪৭টি তৈরি পোশাক খাতের।
বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, ২০১০-১১ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৪ হাজার ৭৪ মিলিয়ন মার্কিন ডলার। এ ঘাটতি ভারতের অনুকূলে। এ সময়ে ভারত থেকে বাংলাদেশে ৪ হাজার ৫৮৬ মিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়। আর ভারতে রপ্তানি হয় মাত্র ৫১২ মিলিয়ন ডলারের পণ্য।
বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের অংশগ্রহণে ২০০৩ থেকে ‘বায়ার সেলার মিট’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়ে আসছে।
সভায় একে আজাদ ভারতীয় কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের বাংলাদেশি ব্যবসায়ীদের সহযোগিতা দেওয়ার আহ্বান জানান।
পরে দুই দেশের ব্যবসায়ীরা পারস্পরিক ব্যবসায়িক সমস্যাগুলো তুলে ধরেন। এ ছাড়া বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।
বাংলাদেশের প্রকাশক মহিউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশের যেসব সায়েন্স ফিকশন লেখক আছে, তাদের লেখা ভারতের বাজারে জনপ্রিয় হতে পারে। ভারতের আনন্দবাজার পাবলিকেশন্সের মতো প্রকাশনীগুলো এই লেখা সেখানে প্রকাশ করতে পারে।”
ভারতের বাজারে বাংলাদেশের বই বিক্রি হওয়ার কথা থাকলেও নানা বাধার কারণে তা হচ্ছে না বলে অভিযোগ করেন আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গণি।
এ সময় ভারতের কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, তাদের অনেক বই পাইরেটেড করে বাংলাদেশে ছাপা হচ্ছে। এতে তাদের লেখক ও প্রকাশকরা লভ্যাংশ হারাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/২০১৬ ঘ.
bdnews24