২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানসিকতা বদলের আহ্বান প্রধান বিচারপতির

বিচারপ্রার্থীদের কষ্ট দূর করতে বিচারকদের মানসিকতার পরিবর্তন এবং আরো বেশি পরিশ্রম করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

চট্টগ্রাম, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপ্রার্থীদের কষ্ট দূর করতে বিচারকদের মানসিকতার পরিবর্তন এবং আরো বেশি পরিশ্রম করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। বিচারক সংকট এবং অপ্রতুল জনবলের কারণে বিচারকদের সমস্যায় পড়তে হচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, “এ সত্ত্বেও বিচারক ও আইনজীবীদের কাজ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সুযোগ নেই।” সোমবার বিকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক মত বিনিময় সভায় বক্তব্য দিচ্ছিলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “বিকালে আদালত না বসা কখনো কাম্য নয়। সবাইকে নিয়ে আদালত তার নির্ধারিত সময়ের সবটুকু কাজে লাগাবে।” “যেসব বিচারক বসতে চান না তাদের বিচার কাজে বসতে আইনজীবীদের বাধ্য করতে হবে।” চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় জেলার বিভিন্ন আদালতের বিচারকরা ছাড়াও নবীন-প্রবীণ আইনজীবীরা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি বিচারকদের মানসিকতা পরিবর্তনের ওপর জোর দিয়ে বলেন, “ফৌজদারি মামলার ক্ষেত্রে আরো বেশি সতকর্তার সাথে এগুতে হবে।” দেওয়ানি মামলার ক্ষেত্রে বিকল্পবিরোধ নিষ্পত্তি উৎসাহিত করা যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, “এক্ষেত্রে আইনজীবীরা সহায়তা করতে পারেন। এতে করে মামলার সংখ্যা অবশ্যই কমবে এবং সবাই উপকৃত হবেন।” আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ তার স্বাগত বক্তব্যে বিচারক সংকট থাকায় ন্যায়বিচার প্রাপ্তি বিলম্ব হচ্ছে উল্লেখ করে বলেন, চট্টগ্রামে ২৫টি বিচারকের পদ শূন্য রয়েছে। মামলার নিষ্পত্তিতে এসব পদ দ্রুত পূরণে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া তিনি চট্টগ্রামে হাই কোর্টের একটি সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি জানান। মত বিনিময়ের আগে সকালে প্রধান বিচারপতি চট্টগ্রাম আদালত ভবনে বিভিন্ন আদালতের বিচার কাজ প্রত্যক্ষ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯০০ ঘ.