ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোডশেডিং নিয়ে বিরোধী দল ও গণমাধ্যমের সমালোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের ‘অর্জনের’ কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন।
সমালোচকদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, “যারা বিদ্যুতের উৎপাদন চোখে দেখেন না.....মাঝে মাঝে ইচ্ছা করে, আমরা যে ৩ হাজার ৩০০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করছি, তা সাতদিনের জন্য বন্ধ করে দেই। দেখি কী হয়?”
এর আগেও প্রধানমন্ত্রী বিদ্যুত পরিস্থিতির সমালোচক কলামনিস্টদের কঠোর সমালোচনা করে বলেছিলেন, “কুইক রেন্টাল বিদ্যুত কেন্দ্রের যারা সমালোচনা করেন সেগুলো বন্ধ করে দিলে এখন কেমন হবে।”
সোমবার গণভবনে সিরাজগঞ্জের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সভায় আওয়ামী লীগ সভানেত্রী আইএসআইয়ের ‘অর্থ গ্রহণের’ প্রসঙ্গ তুলে আবারো বিএনপির সমালোচনা করেন।
বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদন বাড়াতে কাজ চালিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, “বিদ্যুতের ব্যবহারও বেড়েছে। সেজন্য উৎপাদনের সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত বিদ্যুতের চাহিদা বাড়ছে।”
দেশে দৈনিক বিদ্যুতের গড় উৎপাদন ৬ হাজার মেগাওয়াট স্পর্শ করলেও চাহিদা তার চেয়ে অন্তত ১ হাজার মেগাওয়াট বেশি হওয়ায় লোডশেডিং দিয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। চলতি গ্রীষ্ম মৌসুমে সেচের জন্য গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোয় শহরাঞ্চলে লোডশেডিং বেড়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
লোডশেডিংয়ের জন্য বিরোধী দল সরকারের সমালোচনা করে আসছে। সোমবারও বিএনপি নেতা এম কে আনোয়ার এক সভায় বলেন, “উৎপাদন বাড়লে কেন এই মৌসুমে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না? গ্রামাঞ্চলের মানুষ সেচের জন্য বিদ্যুৎ পাচ্ছে না। তা হলে কোথায় গেল বিদ্যুৎ?”
প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুতের উৎপাদন বাড়াতে সরকার চেষ্টা করে যাচ্ছে। সরকারি ও বেসরকারিভাবে বিদ্যুত উৎপাদন করা হচ্ছে। এই সরকারের সময় সাধারণ মানুষের আর্থিক সচ্ছ্বলতার কারণে বিদ্যুতের ব্যবহার বেড়েছে।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিদ্যুতের উৎপাদন একটুও বাড়েনি, বলেন প্রধানমন্ত্রী।
দেশবাসীকে সজাগ ও সর্তক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “যারা পরাজিত শক্তির কাছ থেকে উৎকোচ নেয়, তাদের সম্পর্কে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকতে হবে।”
“থলের বেড়াল বেড়িয়ে গেছে। আমরা যাদের পরাজিত করেছি, তাদের কাছ থেকে টাকা নিয়ে উনি (খালেদা জিয়া) রাজনীতি করেন,” বলেন তিনি।
১৯৯১ সালে সংসদ নির্বাচনের আগে বিএনপি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে অর্থ নিয়েছিল বলে সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে বেশ কিছুদিন ধরে সরব প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতারা।
তবে বিএনপি এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। আদালতে যার দেওয়া সাক্ষ্য উদ্ধৃত করে এই বক্তব্য, আইএসআইয়ের সাবেক প্রধান সেই আসাদ দুররানিও স¤প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ধরনের সাক্ষ্য দেওয়ার কথা অস্বীকার করেছেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া ট্রাস্ট মামলা এবং তার দুই ছেলের বিরুদ্ধে মুদ্রা পাচারের মামলা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “যারা মানি লন্ডারিং করে এবং এতিমদের টাকা লুটে খায়, তাদের বিচার বাংলার মাটিতেই হবে।”
দেশে দুর্নীতির বিস্তারের জন্য জন্য অগণতান্ত্রিক শক্তির ক্ষমতাগ্রহণকেই দায়ী করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “যারা হত্যা-ক্যু এবং ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছে, তারা বাংলাদেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তারা এলিট শ্রেণী সৃষ্টি করে তাদের মাধ্যমে লুটের টাকা ভাগাভাগি করেছে।”
তৃণমূল নেতাদের সঙ্গে আলোচনায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিরাজমান সদস্য সমাধানে সরকারের তৎপরতার কথা তুলে ধরেন আওয়ামী লীগ সভানেত্রী।
তিনি বলেন, “তিস্তার পানি ও অন্যান্য সমস্যা নিয়ে আমরা আলোচনা করে যাচ্ছি। ইনশাল্লাহ, সমাধান করতে পারব।”
“বিশ্বের অর্থনীতি যখন মন্দা, তখন বাংলাদেশের অর্থনীতি অনেক শক্তিশালী। আমরা সুষ্ঠু ভাবে দেশ পরিচালনা করছি,” সরকারের সাফল্য দাবি করেন তিনি।
সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, কাজী জাফর উল্যাহ, উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম, সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ প্রমুখ।
সিরাজগঞ্জে আওয়ামী লীগের পাঁচ জন সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্যরাও সভায় ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24