নওগাঁ, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একটি মটর সাইকেল ছিনতাইয়ের পর গণপিটুনিতে সন্দেহভাজন এক ছিনতাইকারী নিহত হয়েছে। এছাড়া ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে আহত হয় মটর সাইকেলের দুই যাত্রী।
নিয়ামতপুর থানার ওসি শফিউল আলম জানান, রোববার রাতে উপজেলার চান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সফিকুল ইসলাম (৩৬) রাজশাহীর মোহনপুর উপজেলার লালইচ গ্রামের নজর উদ্দীনের ছেলে।
আহত মটরসাইকেল চালক দারাজ মণ্ডল (৩৮) ও তার সঙ্গী শাহীন শাহকে (২৭) রাতেই নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তারা উপজেলার শাহাপুর গ্রামের বাসিন্দা।
নিয়ামতপুর থানার ওসি শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, রাত সাড়ে ১০টার দিকে নিয়ামতপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন দারাজ ও শাহীন।
“এ সময় চান্দাইল ব্রিজের পাশে ওঁৎ পেতে থাকা ৫/৭ জন ছিনতাইকারী তাদের দেশীয় অস্ত্রের মুখে আটক করে। তারা মারপিট করে মটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়,” বলেন তিনি।
দারাজ মণ্ডল মোবাইল ফোনে ঘটনা জানালে গ্রামবাসী ছিনতাইকারীদের ধাওয়া করে। গ্রামের পাশে আগর স্কুল মাঠে মটর সাইকেলসহ সফিকুলকে জনতা ধরে ফেলে বলে জানান ওসি। তবে অন্যরা পালিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা শফিউল বলেন, মারপিটে আহত সফিকুলকে পুলিশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে আহত দারাজ ও শাহীন হাসপাতালে চিকিৎসাধীন।
ছিনতাই ও গণপিটুনির ঘটনায় সোমবার থানায় আলাদা দুটি মামলা হয়েছে বলে জানান ওসি শফিউল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৭০০ ঘ.
bdnews24