মেহেরপুর/কুষ্টিয়া, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাস জমি দখলকে কেন্দ্র করে মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চরগোয়াল গ্রামে এ ঘটনা ঘটে বলে জনিয়েছে পুলিশ।
নিহতরা হাবিল (৪০) ও আতাহারের (৩৫) বাড়ি গাংনী উপজেরার মটমুড়া ইউনিয়নের চরগোয়ালগ্রামের রিফুজি পাড়ায়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হন। পুড়িয়ে দেওয়া হয় ১০টি বাড়ি।
এলাকাবাসীর বরাত দিয়ে মেহেরপুর পুলিশ সুপার মীর্জা আবদুল্লাহেল বাকী জানান, চর গোয়াল গ্রামের মাঠে ১২ বিঘা খাস জমি দীর্ঘদিন ধরে অবৈধ ভোগ দখল হয়ে আসছিল। যখন যে দল ক্ষমতায় এসেছে, তারাই ওই জমি ভোগ করেছে।
বিগত চার দলীয় জোট সরকারের সময়ে মটমুড়া ইউনিয়ন বিএনপির সদস্য ইমারুদ্দিনদের লোকজন তা দখল করে ভোগ করে আসছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রাহাতুল শেখের লোকজন একাধিকবার ওই জমি দখল করতে গিয়ে ব্যার্থ হয়।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ সমর্থকরা আবারো ওই জমি দখলের চেষ্টা করলে বিএনপি সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষ ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়।
সংঘর্ষে চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যায় হাবিল। গুরুতর জখম আতাহারকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু ঘটে বলে পুলিশ সুপার জাানন।
দুজনের মৃত্যুতে গ্রামে আরো উত্তেজনা ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ সমর্থকরা আনছার, মহিদুল, আঞ্জুমান, নজিরসহ ১০ বিএনপি সমর্থকের বাড়িতে লুটপাট করে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ প্রথমে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে বাড়তি পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সমর্থকদের সরিয়ে দেয়। তবে গ্রামে এখনো উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ সুপার জানান, সংঘর্ষের ঘটনায় রাহাতুল শেখের সমর্থক লালন ৫০ জনকে আসামি করে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।
তিনি বলেন, “বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৬৪৫ ঘ.
bdnews24